পেগাসাস: মামলার শুনানিতে রাজি ভারতের সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট।
ছবি: এএফপি

ভারতের সুপ্রিম কোর্ট পেগাসাস নজরদারি মামলা শুনতে রাজি হয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামনা আজ শুক্রবার জানান, আগামী সপ্তাহে তিনি এ-সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনবেন।

ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি পেগাসাস প্রযুক্তির মাধ্যমে ভারতের বিভিন্ন পেশার মানুষের ওপর ফোনে আড়ি পাতার খবর প্রকাশিত হয়েছে। দেশে-বিদেশে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে ভারত সরকার এখনো স্পষ্ট করে কিছু বলেনি। সংসদও এ নিয়ে উত্তাল। এই পরিস্থিতিতে বিশিষ্ট সাংবাদিক এন রাম ও শশী কুমার সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা করেন। প্রধান বিচারপতি শুক্রবার জানান, আগামী সপ্তাহে ওই মামলা শুনবেন।

কংগ্রেসের দুই শীর্ষস্থানীয় নেতা ও আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি গতকাল প্রধান বিচারপতির এজলাসে এই মামলা দ্রুত শোনার আবেদন জানান। তাঁরা বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু দেশ নয়, বিদেশেও এই খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক অধিকার হরণ করা হচ্ছে, যার আওতায় পড়েছেন বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, এমনকি বিচারপতিরাও। তা ছাড়া দেশের নিরাপত্তার প্রশ্নটিও এর সঙ্গে জড়িত। অতএব দ্রুত এই মামলা শোনা হোক।

পেগাসাস-কাণ্ডের তদন্তের জন্য বিশেষ দল গঠনের দাবি জানানোর পাশাপাশি আবেদনকারীরা বলেছেন, ভারত সরকার বা তার কোনো সংস্থা নাগরিকদের ফোনে নজরদারি চালানোর জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে কি না, তা জানাতে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিন।

ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর ঠিক আগের দিন এই নজরদারির খবর প্রকাশিত হয়। পৃথিবীর ১৬টি দেশের সাংবাদিকদের উদ্যোগে এই অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে জানা যায়, ভারতসহ বিভিন্ন রাষ্ট্র এই প্রযুক্তি ব্যবহার করছে। ভারতের বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, গণ-আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ, পেশাজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সাবেক নির্বাচন কমিশনারসহ বিচারপতিদের ফোনেও এই প্রযুক্তির মাধ্যমে আড়ি পাতার ঘটনা ঘটেছে। সেই থেকে সংসদ উত্তাল।

সরকারের পক্ষ থেকে বলা হয়, এই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। যারা ভারতের অগ্রগতি সহ্য করতে পারছে না, এটা তাদের চক্রান্ত। সরকার বেআইনিভাবে কিছু করছে না। তা করা সম্ভবও নয়। কিন্তু সরকার আদৌ এই প্রযুক্তি নিতে ইসরায়েলি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কি না, পেগাসাস প্রযুক্তি ব্যবহার করছে কি না, সে বিষয়ে আজও নীরব। বিরোধীদের আলোচনার দাবিও সরকার এখনো মানেনি। বিভিন্ন মহলের দাবি, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিন। কিন্তু সর্বোচ্চ আদালত এখনো এ বিষয়ে কিছু বলেননি।

এই পরিস্থিতিতে এন রাম ও শশী কুমারের জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁরা ছাড়াও এ বিষয়ে পৃথক মামলা করেছেন কেরালার সিপিএম সাংসদ জন ব্রিটাস ও আইনজীবী মনোহর লাল শর্মা। তাঁরাও সুপ্রিম কোর্টের নজরদারিতে এ বিষয়ে তদন্তের জন্য বিশেষ দল গঠনের আরজি জানিয়েছেন।

শুক্রবার সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, বিরোধীরা একটি ‘নন ইস্যুকে ইস্যু করে’ সংসদ অচল রাখছে। পেগাসাস বিতর্কে তথ্যপ্রযুক্তিমন্ত্রী সংসদে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। এর পরে নতুন করে কিছু বলার থাকতে পারে না। লোকসভায় তিনি বলেন, এটি আদৌ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সাধারণ মানুষের জন্য বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেসব নিয়ে আলোচনার আগ্রহ বিরোধীদের নেই।