পেটের ভেতর ৪০ ছুরি
ভারতের এক পুলিশ সদস্য গত দুই মাসে ৪০টি ছুরি গিলে ফেলেছেন বলে খবর রটেছে। অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে। দুই সন্তানের জনক ওই পুলিশ সদস্যের পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার করেন অমৃতসরের চিকিৎসকেরা। তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
ছুরি গিলে ফেলা ৪২ বছর বয়সী ওই পুলিশ সদস্যের দাবি, গত জুন মাস থেকে তিনি ছুরি গিলতে শুরু করেন। এর অনুভূতি উপভোগ করতেন তিনি। পরে এটা অভ্যাস হয়ে যায় তাঁর। তবে এটা কেন করতেন, তা তিনি বুঝতেন না। তাঁর ধারণা, কোনো অশরীরী শক্তি এর পেছনে থাকতে পারে।
চিকিৎসকেরা বলেন, শুরুতে তাঁরা পেটব্যথার কারণ হিসেবে টিউমারের কথা ভেবেছিলেন। পরে স্ক্যানে পেটের ভেতর কঠিন বস্তুর বিশাল স্তূপ ধরা পড়ে। পরে আরও পরীক্ষা করে ভাঁজ করা ছুরি ও কাঠের বাঁটওয়ালা ছুরির অস্তিত্ব ধরা পড়ে। একেকটি সাত ইঞ্চি পর্যন্ত লম্বা।
অমৃতসরের করপোরেট হাসপাতালের চিকিৎসক রাজিন্দর রাজন বার্তা সংস্থা এএফপিকে বলেন, দ্রুত অস্ত্রোপচার করে ছুরিগুলো অপসারণ করা হয়েছে।
চিকিৎসক রাজন বলেন, রোগীর কথাবার্তা শুনে মনে হয়েছে যে তিনি বিষণ্নতায় ভুগছেন। তাঁকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়া হবে।
ওই পুলিশ সদস্যর পিকা ডিজঅর্ডার নামের একধরনের রোগের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা। এ সমস্যা হলে রোগী হজম হয় না—এমন বস্তু খাবার খেতে শুরু করেন।
তবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পুলিশ সদস্য বলেন, তিনি আর এ ধরনের কোনো কাজ করবেন না। তথ্যসূত্র : এএফপি।