পেশোয়ারে জঙ্গি হামলার পর ভারতজুড়ে সতর্কতা
পাকিস্তানের পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে জঙ্গি হামলার পর ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশের নিরাপত্তার লক্ষ্যে পুরো দেশে সতর্কতা জারি করেছেন।
এদিকে, জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গ এবং আসামে জঙ্গি হামলা হতে পারে বলে এই দুই রাজ্যকে আগাম সতর্ক করা হয়েছে।
আসাম পুলিশের মহাপরিচালক খগেন শর্মা এ খবর জানিয়ে আজ বলেছেন, জঙ্গিরা এবার টার্গেট করেছে আসাম ও পশ্চিমবঙ্গকে। তারা ২৫ ডিসেম্বর, ২৬ জানুয়ারি—এসব দিনকে সামনে রেখে এ দুটি রাজ্যে হামলা চালাতে পারে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা করতে পারে জঙ্গিরা। আসামে সন্দেহভাজন এক জঙ্গি রফিকুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে এ তথ্য জানিয়েছে।
এদিকে পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলার পর ভারতের স্বরাস্ট্র মন্ত্রণালয় গোটা দেশে সতর্কতা জারি করেছে। রাজ্যের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি শিক্ষায়তন, হাটবাজার, শপিংমল, ঐতিহাসিক স্থান, বাস-ট্রেন স্টেশনসহ বিভিন্ন মিলনায়তনে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জঙ্গি হানার সুনির্দিষ্ট তথ্য রয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের কাছে।