প্যারিস জলবায়ু চুক্তিতে ভারতের অনুসমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন করেছে ভারত। গতকাল রোববার এই চুক্তি অনুসমর্থনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অবস্থান ব্যক্ত করল দেশটি। এর কয়েক দিন আগে এই চুক্তিতে অনুসমর্থনের কথা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল জাতিসংঘের এক বার্তায় বলা হয়, ভারত তাদের অনুসমর্থনের পত্রটি জাতিসংঘে জমা দিয়েছে।
ভারতের পরিবেশ মন্ত্রণালয় বলছে, প্যারিস চুক্তিতে অনেক বিষয় বিস্তারিত এসেছে। তবে তা কার্যকর করতে প্রয়োজন হবে নীতিমালার।
চীন ও যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে পরিবেশদূষণকারী দেশ হচ্ছে ভারত। এর আগে গত মাসে চীন ও যুক্তরাষ্ট্র অনুসমর্থন জানিয়েছে। আগামী মাসে মরক্কোতে জলবায়ু আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ তাদের যৌথ অনুসমর্থন জানাবে বলে আশা করা যাচ্ছে। এর মাধ্যমে চুক্তি কার্যকরের জন্য প্রয়োজনীয় ৫৫ শতাংশ কার্বন নিঃসরণকারী দেশের সমর্থন ছাড়িয়ে যাবে।
প্যারিস চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা প্রদান করা। গত ডিসেম্বরে এই চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা সম্ভব হলে দেড় ডিগ্রির মধ্যে রাখতে দেশগুলো একমত হয়।