প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী আর নেই

প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রমাপদ চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ জুলাই তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। আজ সোমবার তাঁর শেষকৃত্য হবে।
১৯২২ সালের ১৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের রেল শহর খড়গপুরে জন্মগ্রহণ করেন রমাপদ চৌধুরী। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন। ছোটবেলা থেকেই লেখালেখিতে জড়িয়ে পড়েন রমাপদ। দীর্ঘদিন যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। লিখেছেন বহু উপন্যাস, গল্প ও প্রবন্ধ। ভারতের বিভিন্ন ভাষায় তাঁর গল্প, উপন্যাস ও প্রবন্ধ অনুবাদ রয়েছে। তাঁর উপন্যাস নিয়ে চলচ্চিত্রও হয়েছে।
রমাপদ চৌধুরীর প্রথম উপন্যাস ‘প্রথম প্রহর’। আর তাঁর শেষ লেখা ছিল আত্মজীবনীমূলক বই ‘হারানো খাতা’। তাঁর লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘লাল বাই’, ‘খারিজ’, ‘বাহিরি’, ‘বনপলাশীর পদাবলী’, ‘বাড়ি বদলে যায়’, ‘ছাদ’, ‘শেষের সীমানা’, ‘আকাশপ্রদীপ’, ‘যে যেখানে দাঁড়িয়ে’, ‘পিকনিক’, ‘এখনই’, ‘দ্বীপের নাম টিয়া রঙ’, ‘অভিমন্যু’, ‘বীজ’, ‘দরবারি’ ইত্যাদি। তাঁর লেখা উপন্যাস ‘বন পলাশীর পদাবলী’, ‘দ্বীপের নাম টিয়া রঙ’, ‘এখনই’, ‘পিকনিক’, ‘বীজ’, ‘অভিমন্যু’ নিয়ে চলচ্চিত্র হয়েছে। এসব ছবি নির্মাণ করেছেন উত্তমকুমার, তপন সিংহ, মৃণাল সেন প্রমুখ তারকা।
১৯৬৩ সালে আনন্দ পুরস্কার পান রমাপদ চৌধুরী। ১৯৭১ সালে রবীন্দ্র পুরস্কার, ১৯৮৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার, ২০১১ সালে পান রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল ইন্টারন্যাশনাল পুরস্কার।
রমাপদ চৌধুরীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।