
ভারতের দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। শেষ দিনে প্রতিদ্বন্দ্বী তিনটি দলের প্রচারণায় সরগরম হয়ে ওঠে দিল্লি। শেষ মুহূর্তের জরিপগুলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকেই (এএপি) এগিয়ে রাখল। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর।
কাল শনিবার দিল্লি বিধাসভার নির্বাচন। ভোট গণনা হবে ১০ ফেব্রুয়ারি।
গতকাল সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। দিল্লির মন্দির মার্গ, আশ্রম মার্গ, রেলওয়ে কলোনি ও পালিকা ধাম এলাকাগুলোয় নির্বাচনী প্রচারণা চালান তিনি। কেজরিওয়ালের প্রচারে প্রাধান্য পায় বস্তি এলাকাগুলো। নির্বাচনী সভায় বলেন, ‘এটা শুধু আমার কাছে একটি নির্বাচন নয়, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ।’ বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলেন তিনি।
গতকাল কেজরিওয়ালের মতোই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীও প্রচারণার ক্ষেত্র হিসেবে বেছে নিলেন বস্তি এলাকাকে। নিজ নির্বাচনী এলাকা কৃষ্ণনগরে সমাবেশে তিনি বস্তির মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। তাদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন। সমাবেশে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে বলেন, ধন্যবাদ, ধন্যবাদ, আজ শুধু ধন্যবাদ দেওয়ার দিন।
নির্বাচনী একাধিক জরিপে দেখা গেছে, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে এএপির জনপ্রিয়তা অনেক বেশি।
প্রচারণার শেষ দিনে অমিত শাহের নিশানাও ছিল এএপি এবং এর প্রধান কেজরিওয়াল। দিল্লির মদনপুর খাদার এলাকায় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘আপনারাই ঠিক করুন, উন্নয়ন না নৈরাজ্যে—কোনটিকে অপনারা বেছে নেবেন। এমন রাজনীতি কখনো দেখিনি। একটি দল (এএপি) কথা দেয়, কিন্তু কথা রাখে না।’
নির্বাচনী দৌড়ে বেশ পিছিয়ে থাকা কংগ্রেস নেতা অজয় মাকান বলেছেন, তাঁর দল এএপিকে সমর্থন করবে না। এমনকি তাদের সমর্থনে সরকার গঠনও করবে না। ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দিল্লির নির্বাচন নিয়ে নানা জরিপ এএপিকে এগিয়ে রেখেছে। বলা হচ্ছে, দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ছয়টি জরিপের ফলাফল একত্র করে এনডিটিভির করা এক জরিপে বলা হয়েছে, এএপি ৩৬টি আসন পেতে পারে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য ঠিক এই সংখ্যাটিই দরকার। ২০১৩ সালের দিল্লির নির্বাচনে বিজেপি ৩২টি আসন পেয়েছিল।
জরিপের ফল অনুযায়ী, শনিবারের নির্বাচনে বিজেপি ও তাদের সহযোগী আকালি দল পেতে পারে ৩০টি আসন। কংগ্রেসের ভাগ্যে চারটি আসন জুটবে।
জরিপের ফলাফল নিয়ে খুশি এএপি দাবি করেছে, তারা অন্তত ৪০টি আসন পাবে। এক পা এগিয়ে দলটির নেতা যোগেন্দ্র যাদব সিএনএন-আইবিএন চ্যানেলে বলে বসলেন, ‘আমরা ৫০টি আসন পেলেও আশ্চর্য হব না।’
এসব জরিপ এবং এএপির দাবিকে উড়িয়ে দিয়ে অমিত শাহ বলেছেন, বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপিই। জরিপ, রাজনৈতিক দলগুলোর দাবি ও পাল্টা দাবির উত্তর মিলবে ১০ তারিখেই।