প্রচারে গান্ধীদের টেক্কা দিলেন নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের আসাম বিধানসভা নির্বাচনেও সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২৬ আসনের আসাম বিধানসভা নির্বাচনে দু-দফায় তিনি মোট ১১টি জনসভা করেছেন। রাহুলের জনসভার সংখ্যা ১০, সোনিয়ার ৫ আর মনমোহন সিংয়ের নির্বাচনী জনসভা মাত্র ১। শনিবারই শেষ হলো এ রাজ্যের দ্বিতীয় দফায় ৬১টি আসনের জন্য সরব প্রচার।
আসাম জয়ে মরিয়া বিজেপি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে বিহারের মতোই প্রচারে ঝড় তোলে। রাজ্য সরকারের কড়া সমালোচনার পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর ইস্যুগুলোকেও প্রাধান্য দেন মোদি। কোথাও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকে যেমন ইস্যু করেন, তেমনি প্রচারের শেষ লগ্নে মুসলিম ভোট পাওয়ার আশায় দুবাই-সৌদি সফরের উদাহরণ টেনে মুসলিম দুনিয়ায় নিজের ‘উজ্জ্বল ভাবমূর্তি’র কথা তুলে ধরেন তিনি। অন্যদিকে, কংগ্রেস শিবির দ্বিতীয় দফার ভোটেও ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অঞ্জন দত্ত প্রথম আলোকে বলেন, তাঁরা একাই সরকার গঠন করবেন। একই দাবি মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়েরও। তবে প্রচারের শেষ লগ্নে এসে কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী বিহারের ফর্মুলা টেনে এনে কংগ্রেস জোটের সরকার গড়ার কথা বলেন। তিনি বলেন, ‘লালুজি, নিতীশজিকে সঙ্গে নিয়ে বিহারে যেমন হয়েছিল, আসামেও ঠিক তেমনই আমরাই জিতব।’ প্রসঙ্গত, আসামে লালু-নিতীশ কংগ্রেসের জোটে নেই। তাঁরা এআইইউডিএফের সঙ্গে জোট করে ভোটে লড়ছেন। সেই দিক থেকে রাহুলের কথায় ভোট-পরবর্তী জোটের ইঙ্গিত স্পষ্ট।
এবারের প্রথম দফার ভোটে গতবারের তুলনায় ৪ শতাংশ বেশি ভোট পড়েছে আসামে। ৮০ শতাংশ ভোট পড়ায় বেশ খুশি নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায়ও যাতে ভোটের হার না কমে, তার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে কমিশন। জায়গায় জায়গায় লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলছে ভোটযন্ত্র পরীক্ষা আর নির্বাচন কর্মীদের বুথে বুথে পাঠানোর কর্মযজ্ঞ। কাল সোমবার আসামে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্বের ভোট। গোটা রাজ্যই এখন উত্তেজনায় টগবগ করছে।