প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ওবামা

ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস আজ ২৬ জানুয়ারি। এ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রোববার তিন দিনের সফরে ভারতে পৌঁছান।
নয়াদিল্লির ঐতিহাসিক ‘রাজপথে’ প্রজাতন্ত্র দিবসের এ অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে আছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেখানে এই প্রথম টানা দুই ঘণ্টা জনসমক্ষে খোলা আকাশের নিচে দেখা যাবে ওবামাকে।
‘বিস্ট’ নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমোজিন গাড়িতে চড়ে ‘রাজপথে’ আসেন ওবামা। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁদের স্বাগত জানান মোদি। এ সময় সেখানে উপস্থিত লোকজন উল্লাসধ্বনি দেন। প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করছেন ওবামা দম্পতি।