প্রণবদা অভিভাবকের মতো পথ দেখিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও প্রণব মুখার্জি
নরেন্দ্র মোদি ও প্রণব মুখার্জি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতিকে ‘অভিভাবক ও পরামর্শদাতা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি ভবনে গত সোমবার একটি জাদুঘরের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোদি। তিনি এ সময় প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতির দেওয়া সহযোগিতার কথা বলছিলেন। মোদি বলেন, ‘দিল্লিতে আমি তখন একেবারে নতুন। এখানকার পরিবেশ পুরোপুরি অচেনা ছিল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিভাবকের মতো আঙুল ধরে রাষ্ট্রপতি আমাকে অনেক কিছু শিখিয়েছেন।’
নরেন্দ্র মোদি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প বেশ কয়েকটি রাজ্য সরকার বাস্তবায়নে অনীহা দেখিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট’স এস্টেটে সেই সব প্রকল্পের রূপায়ণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘অন্য রাজনৈতিক দলের এক ব্যক্তি সরকার চালাচ্ছেন, অথচ সরকারের প্রতিটি প্রকল্প রাষ্ট্রপতি ভবনের নিজস্ব প্রকল্প হয়ে উঠছে—এই মহত্ত্ব একমাত্র প্রণবদা-ই দেখাতে পারেন।’
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তাঁর রাজনৈতিক মতাদর্শিক ভিন্নতা আছে বলে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, কিন্তু রাষ্ট্রপতির সান্নিধ্যে এলে তিনি প্রতিটা মুহূর্তে অনুভব করেন, গণতন্ত্রে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন।