প্রতিবাদী বুদ্ধিজীবীদের বিরুদ্ধে রাজপথে অনুপম খের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ‘ক্রমবর্ধমান অসহিষ্ণুতা’র বিরুদ্ধে বুদ্ধিজীবীসহ যাঁরা সোচ্চার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মাঠে নামলেন বলিউডের অভিনেতা অনুপম খের। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন অভিমুখে একটি মিছিলে নেতৃত্ব দেন তিনি। খবর এনডিটিভির।
মিছিল শেষে অনুপম খেরসহ ১১ জন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে একটি স্মারকলিপি দেন। ৯০ জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত ওই স্মারকলিপি দিয়ে অনুপম খের বলেন, ‘সব বর্বর হত্যাকাণ্ডই নিন্দনীয়। ...কিন্তু কিছু লোক যদি এটাকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে ব্যবহার করেন, তবে সেটা হবে উদ্বেগের বিষয়।’
এই অভিনেতা আরও বলেন, সাহিত্য আকাদেমি পুরস্কার ফেরত দেওয়ার মাধ্যমে লেখকেরা ‘অসহিষ্ণুতা’র বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছেন, তাতে প্রতীয়মান হয়, নিজ নিজ ক্ষেত্রের মাধ্যমে উদ্বেগ তুলে ধরার পরিবর্তে তাঁরা ‘ভারতের চেতনাকে আঘাত করতে’ গণমাধ্যমকে ব্যবহার করছেন। পরে সন্ধ্যায় অনুপম খের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন।
জম্মু-কাশ্মীরের জন্য মোদির প্যাকেজ: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গতকাল একটি জনসমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি রাজ্যটির জন্য ৮০ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেন। এই অর্থ রাজ্যটিকে একটি আধুনিক, প্রগতিশীল ও সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মোদি।