
ভারতে অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেওয়া সাহিত্যিকদের তালিকায় এবার যোগ হলো সুপরিচিত লেখক অরুন্ধতী রায়ের নাম। নিজ দেশে সম্প্রতি কয়েকটি ‘ভয়ংকর হত্যাকাণ্ডের’ প্রতিবাদেই তিনি জাতীয় পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ২৪ জন চলচ্চিত্র নির্মাতা তাঁদের অর্জিত জাতীয় পুরস্কার গতকাল বৃহস্পতিবার ফিরিয়ে দেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতে স্বাধীন মতপ্রকাশকারী একজন শিক্ষাবিদকে সম্প্রতি হত্যা করা হয়েছে। এ ছাড়া গরুর মাংস নিয়ে গুজবের জেরে সহিংস হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদে গতকালের আগে আরও অন্তত ৫০ জন লেখক-বুদ্ধিজীবী তাঁদের অর্জিত বিভিন্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।
ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস চলচ্চিত্রের জন্য ১৯৮৯ সালে সেরা চিত্রনাট্যকারের ওই পুরস্কার পেয়েছেন অরুন্ধতী। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তাঁর লেখা ‘কেন আমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছি’ শিরোনামের একটি নিবন্ধ গতকাল প্রকাশিত হয়েছে। এতে তিনি লিখেছেন, সাম্প্রতিক ভয়াবহ ঘটনাগুলো ‘গভীরতর অসুস্থতার লক্ষণ’।
দ্য গড অব স্মল থিংস উপন্যাসের জন্য ১৯৯৭ সালে বুকার পুরস্কারজয়ী লেখক অরুন্ধতী লিখেছেন, বর্তমান অবস্থা বর্ণনার জন্য ‘অসহিষ্ণুতা’ শব্দটির ব্যবহার যথার্থ নয়। কাউকে পিটিয়ে, গুলি করে বা পুড়িয়ে হত্যার মতো ঘটনার ভয়াবহতা প্রকাশের জন্য অসহিষ্ণুতা শব্দটি অপর্যাপ্ত। জীবনও এখন নরকে রূপান্তরিত হয়েছে। সমগ্র জনগণ-লাখো দলিত, আদিবাসী, মুসলিম ও খ্রিষ্টান আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছে। তারা জানে না, কখন কোন দিক থেকে তাদের ওপর হামলা করা হবে।
অরুন্ধতী আরও লিখেছেন, ২০০৫ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কারও প্রত্যাখ্যান করেছেন। তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। ফলে তাঁকে যেন কংগ্রেস বনাম বিজেপির পুরোনো বিতর্কে না জড়ানো হয়।
জাতীয় পুরস্কার ফেরত দানকারী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রয়েছেন কুন্দন শাহ, সাঈদ মির্জা প্রমুখ। কুন্দন গতকাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবাদ না করাটাই অপরাধ হবে।
সাঈদ মির্জা বলেন, তাঁরা দেশের আত্মা ও চেতনা পুনরুদ্ধারের জন্য সরব হয়েছেন। তাঁরা বিজেপিবিরোধী নন। কংগ্রেসের বিরুদ্ধেও তাঁরা আন্দোলন করেছেন।