প্রতিবেদন চেয়েছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একজন খ্রিষ্টান সন্ন্যাসিনীকে (নান) ধর্ষণ এবং হরিয়ানা রাজ্যে নির্মাণাধীন গির্জায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দুটি স্থানে ঠিক কী ঘটেছিল এবং প্রশাসন এ ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছে, তার বিস্তারিত বিবরণ যত দ্রুত সম্ভব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনায় ভারতের পার্লামেন্টে গতকাল তুমুল বিতর্ক হয়েছে। খবর বিবিসি ও এনডিটিভির।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় বলেছে, হরিয়ানার হিসার এবং পশ্চিমবঙ্গের নদীয়ার ঘটনা দুটির ব্যাপারে প্রধানমন্ত্রী মোদি গভীরভাবে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর কার্যালয় ওই দুটি ঘটনার প্রকৃত তথ্য এবং সে ব্যাপারে গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছে।
সত্তরোর্ধ্ব এক সন্ন্যাসিনী নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে অবস্থিত কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলে গত শুক্রবার রাতে গণধর্ষণের শিকার হন। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অপরাধীদের গ্রেপ্তার না করায় গতকাল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন লোকসভায় বিরোধীদলীয় নেতারা। জবাবে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান ও সংসদবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, ‘ঘটনাটি অবশ্যই নিন্দনীয়। কিন্তু এ নিয়ে রাজনীতি করবেন না।’
প্রধানমন্ত্রীর পদক্ষেপ সত্ত্বেও ক্ষোভ প্রকাশ করেছে দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি)। দলটির জ্যেষ্ঠ নেতা আশুতোষ বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) লোকজনই গির্জায় হামলার মতো ঘটনাগুলোর জন্য দায়ী। প্রধানমন্ত্রী কেবল উদ্বেগই জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সিপিএমের সাংসদেরাও রানাঘাটের গণধর্ষণের ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকারের ওপর। দার্জিলিং আসন থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া অভিযোগ করেন, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তিনি বলেন, ‘প্রবীণ ওই সন্ন্যাসিনীর ক্ষতিপূরণ দরকার নেই। তিনি যাতে ন্যায়বিচার পান, সেটা নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজ্য সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত হবে।’
হরিয়ানার নির্মাণাধীন একটি গির্জায় গত শনিবার ভাঙচুর চালানো হয়। সেখানে ক্রুশের জায়গায় হিন্দু দেবতা হনুমানের মূর্তি স্থাপন করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উগ্রবাদী হিন্দুরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালাচ্ছে এবং তাদের মোকাবিলায় মোদির সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না বলে সমালোচকেরা অভিযোগ করছেন। সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গির্জায় হামলার ঘটনায় ভারতীয় খ্রিষ্টানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে পশ্চিমবঙ্গের কনভেন্টে ওই ডাকাতি ও ধর্ষণের ঘটনাটি সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই সন্ন্যাসিনীকে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়িবহর প্রায় এক ঘণ্টা আটকে রাখে ক্ষুব্ধ জনতা। নির্যাতিতা ওই সন্ন্যাসিনী গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা জয়দীপ সাহা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজছে পুলিশ।
হরিয়ানা ও পশ্চিমবঙ্গের ঘটনা দুটির প্রতিবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ, শান্তিমিছিল ও সমাবেশ করেছে। দিল্লি ক্যাথলিক ধর্মপ্রদেশের মুখপাত্র ফাদার সাভারি মুথু এনডিটিভিকে বলেন, ‘এসব জঘন্য কাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। খ্রিষ্টানরা এ অবমাননা মেনে নেবে না।’