প্রতিবেশীর সঙ্গে ভারতের আচরণ নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী মানিকের
প্রতিবেশীদের সঙ্গে ভারতের দাদাগিরির অভিযোগ তুলে সমালোচিত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তৃণমূল কংগ্রেস তার বরখাস্তের দাবিও তুলেছে। একই অভিযোগ বিজেপিরও। সিপিএম অবশ্য বিষয়টি নিয়ে মিডিয়ার সমালোচনাতেই ব্যস্ত।
ভারতীয় বণিক সভার এক অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, কোনো দেশের আয়তন বা লোকসংখ্যা দেখে সম্পর্ক স্থাপন ঠিক নয়। কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতেই এমন মন্তব্য করায় বেজায় চটেছেন ত্রিপুরার বিরোধী দলগুলোর নেতারা।
আজ শুক্রবার আগরতলায় ছিল তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস। সেই অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় মানিক সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পশ্চিমবঙ্গের বিধায়ক মানস ভূইয়ার অভিযোগ, সিপিএম চিরকালই দেশদ্রোহীর দল। তিনি চীন-ভারত যুদ্ধে কমিউনিস্টদের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন। তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারকে উৎখাত করার ডাক দেন। এ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করেছেন তৃণমূল নেতারা।
একইভাবে বিজেপির পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। দলের মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যান্য বিদেশি অতিথির সামনে মুখ্যমন্ত্রীর দেশবিরোধী কথাবার্তা অবশ্যই নিন্দনীয়। সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি মোটেই ঠিক করেননি। এতেই বোঝা যায়, সিপিএমের কোনো দেশপ্রেম নেই।’
তবে বিরোধীদের সমালোচনাকে মোটেই গুরুত্ব দিতে নারাজ সিপিএম। দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তথা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর প্রথম আলোকে বলেন, বিরোধীদের অভিযোগের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। তিনিও কেন্দ্রীয় সরকারের বিদেশনীতির সমালোচনা করেন।