প্রতিরক্ষার জন্য ভিয়েতনামকে ৫০ কোটি ডলার দিচ্ছে ভারত
প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদার করতে ভিয়েতনামকে ৫০ কোটি মার্কিন ডলার দিচ্ছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হ্যানয় সফরকালে গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন। এ ছাড়া দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রভাব কমাতে মতৈক্য প্রকাশ করেছে নয়াদিল্লি ও হ্যানয়।
১৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েতনাম সফরে গেলেন। দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত জানাননি মোদি। তবে এ ধরনের চুক্তির রীতি হলো, ভিয়েতনাম ওই অর্থ পেতে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বাধ্য থাকবে।
হ্যানয়ে চুক্তি সম্পাদনের পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি সাংবাদিকদের বলেন, ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার জন্য ৫০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে পেরে তিনি আনন্দিত।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন শুয়ান ফুক ভারতীয় মৈত্রীর প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমরা পূর্ব সাগরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানকার বিরোধ মীমাংসার জন্য সব পক্ষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
দুই দিনের চলতি সফরে নরেন্দ্র মোদি ভিয়েতনামের সামরিক বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন। দুই দেশের মধ্যে এর আগেও নিরাপত্তা বিষয়ে চুক্তি হয়েছে। ভারত ২০১৪ সালে ভিয়েতনামকে নৌবাহিনীর জন্য টহলযান কিনতে ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেয়। এতে অখুশি চীন প্রতিবেশী ভিয়েতনামের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার সমালোচনা করেছিল। ১৯৬২ সালে সংক্ষিপ্ত সীমান্ত যুদ্ধের পর থেকে নয়াদিল্লির সঙ্গে চীনের সম্পর্ক শীতল রূপ নিতে শুরু করে।
ভৌগোলিক অবস্থান ও কৌশলগত কারণে দক্ষিণ চীন সাগর খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল। ভারতের বাণিজ্যের প্রায় ৫০ শতাংশই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ওই এলাকায় চীন একাধিক কৃত্রিম দ্বীপ বানাচ্ছে এবং সামরিক তৎপরতা বাড়াচ্ছে। কিন্তু ভিয়েতনামসহ প্রতিবেশী কয়েকটি দেশও ওই এলাকার জলসীমার মালিকানা দাবি করে। এ নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইন, ব্রুনেই, তাইওয়ান ও মালয়েশিয়ারও বিরোধ রয়েছে।