প্রথম অ-আদিবাসী মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডে
ঝাড়খন্ডের প্রথম অ-আদিবাসী মুখ্যমন্ত্রী হলেন রঘুবর দাস। ৫৯ বছরের এই নেতা সাবেক বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যে আদিবাসীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিহার ভেঙে ২০০০ সালে নতুন রাজ্য হওয়া ঝাড়খন্ডের প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার এক-তৃতীয়াংশই আদিবাসী।
শ্রমিকের পেশা থেকে রাজনীতিতে আসা রঘুবর দাসের মুখ্যমন্ত্রী হওয়া প্রত্যাশিত হলেও নির্বাচন হওয়া আরেক রাজ্য জম্মু-কাশ্মীরের সরকার কারা গড়বে এবং কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনো অনিশ্চিত। পিডিপি বা বিজেপি দুই দলে জোট সরকার গড়বে, নাকি বিজেপি-এনসি জোট হবে, সেটা যেমন প্রশ্ন, তেমনই পিডিপি কংগ্রেসের সঙ্গেই হাত মেলাবে কি না, সে সম্ভাবনাও ঘুরপাক খাচ্ছে।
ঝাড়খন্ডে পরিষদীয় দলনেতা নির্বাচন করতে দিল্লি থেকে রাঁচি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও দলের সহসভাপতি বিনয় সহস্রবুদ্ধে। সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত হয়ে রঘুবর দাস বলেন, ‘একজন সাধারণ শ্রমিক রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা একমাত্র বিজেপিতেই সম্ভব।’
রাজ্য হওয়ার পর থেকে ১৪ বছরে ঝাড়খন্ডে মোট নয়টি সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন পাঁচজন। বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা, শিবু সোরেন, মধু কোড়া ও হেমন্ত সোরেন—এ পাঁচজনই আদিবাসী। তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবারের ভোটে জিতলে বিজেপির হয়ে তিনিই চতুর্থবার রাজ্য শাসন করতেন। কিন্তু হেরে যাওয়ায় রঘুবর দাসই হয়ে দাঁড়ান প্রথম পছন্দ। বিজেপিকে এখন আদিবাসীদের মধ্য থেকে একজনকে উপমুখ্যমন্ত্রী করতে হবে। সেই দৌড়ে রয়েছেন নীলকণ্ঠ মুন্ডা ও শিবশঙ্কর উরভ। দলীয় সূত্রের খবর, ১০ জন মন্ত্রী নিয়ে রঘুবর মন্ত্রিসভা গঠন করবেন।
জম্মু-কাশ্মীরে মূল লড়াইটা মুখ্যমন্ত্রিত্বের প্রশ্ন ঘিরে। বিজেপি বুঝতে পারছে, মুখ্যমন্ত্রিত্ব পেতে হলে এনসির সঙ্গে যেতে হবে। কারণ, পিডিপি মুখ্যমন্ত্রিত্বের দাবি ছাড়তে রাজি নয়। তিন বছর পর বিজেপিকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও তাদের আপত্তি। প্রধান দুই দল অবশ্য এটাও বুঝছে, অন্য দলকে বাদ দিলে সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন দেখা দেবে।