কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভারতের মণিপুর রাজ্য বিধানসভার প্রথম দফায় ৮২ শতাংশ ভোট পড়ে। ৬০টি আসনের মধ্যে ৩৮ কেন্দ্রে এদিন ১৬৮ জন প্রার্থী ছিলেন। মূল লড়াই ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে বিজেপির। তবে অন্যান্য আঞ্চলিক ও ভারতের জাতীয় দলও নির্বাচনে অংশ নিয়েছে।
শনিবার সকাল থেকেই মণিপুরের বিভিন্ন বুথে লম্বা লাইন চোখে পড়ে। নির্বাচন কমিশন ভারতীয় সময় বেলা একটা পর্যন্ত ৬৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা যায়। দিনের শেষে সেটা দাঁড়ায় ৮২ শতাংশে। তবে প্রত্যন্ত এলাকা থেকে পুরো খবর সংগ্রহের পর ভোটের হার আরও বাড়তে পারে। কোথাও বড় ধরনের গোলমালের খবর নেই। তবে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে বিজ্ঞাপন ছাপানোর দায়ে ৮টি সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দীপক কুমার দেবাঙ্গন সাংবাদিকদের জানান, সকাল থেকেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। সকাল ৯টার সময়েই ২৫ শতাংশেরও বেশি ভোট পড়ে। ভোট নির্বিঘ্নে করতে ২৮ কোম্পানি আধা সেনার ৮ হাজার ৪০০ সশস্ত্র জওয়ান নির্বাচনী কাজে ব্যবহৃত হয়। এবার কোনো বুথে রাজ্য পুলিশ বা রাজ্যের সশস্ত্র বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়নি।
প্রসঙ্গত, টানা ১৫ বছর ধরে কংগ্রেস শাসিত মণিপুরে দ্বিতীয় দফায় ২২টি আসনের ভোট হবে ৮ মার্চ। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও গোয়ার সঙ্গেই ১১ মার্চ মণিপুরেরও ভোট গণনা হবে।