প্রথম বিজেপি সরকার পাচ্ছে মণিপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নংথমবম বীরেন
নংথমবম বীরেন

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রথমবারের মতো গঠিত হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আজ বুধবার সকালে রাজ্যপাল নাজমা হেপতুল্লা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির পরিষদীয় দলের নেতা নংথমবম বীরেনকে শপথ বাক্য পাঠ করাবেন। তাঁর সঙ্গে আরও দু-একজন মন্ত্রী শপথ নিতে পারেন।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং ইতিমধ্যেই পদত্যাগপত্র পেশ করে সরকার গঠনের দাবি জানান। কিন্তু বিজেপিকেই সরকার গঠনের ডাক দেন রাজ্যপাল। প্রসঙ্গত, ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় কংগ্রেস পায় ২৮টি আসন। বিজেপি জেতে মাত্র ২১টিতে। সরকার গঠনে প্রয়োজন ৩১ সদস্যের সমর্থন। কংগ্রেস মাত্র ৩ জন সদস্যের সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়। কিন্তু বিজেপি আরও ১০ সদস্যকে নিজেদের দলে ভিড়িয়ে রাজ্যপালের সামনে হাজির করাতে সক্ষম হয়। এর প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস। অভিযোগ উঠছে ‘হর্স ট্রেডিং’ অর্থাৎ কেনা বিধায়ক কেনাবেচার।
তবে মণিপুরে বিজেপি সরকার গঠন করলেও পথ যে মসৃণ হবে না, তা গতকালই স্পষ্ট হয়ে ওঠে। চার সদস্যের ন্যাশনাল পিপলস পার্টির সাধারণ সম্পাদক বিবেকরাজ ওয়াংখেম সাংবাদিকদের বলেন, তাঁদের দলের চারজনকেই মন্ত্রী করতে হবে। একই দাবি নাগাল্যান্ড পিপলস পার্টিরও। তাঁদের দাবি, চার দলীয় বিধায়কের পাশাপাশি আরও চারজন নাগা বিধায়ককে মন্ত্রী করতে হবে। মন্ত্রিত্বের দাবি রয়েছে নির্দলীয় অন্য কয়েকজন বিধায়কেরও। কিন্তু নিয়ম অনুযায়ী মণিপুরে সর্বাধিক ১২ সদস্যের মন্ত্রিসভা গঠিত হতে পারে। এখন দেখার বিষয়, সমর্থনের বিনিময়ে মন্ত্রিত্বপ্রত্যাশীদের কীভাবে বাগে আনেন বিজেপির নেতারা।