প্রথম সপ্তাহ নিষ্ফল কাটল ভারতীয় সংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও বিরোধী পক্ষের জেদাজেদিতে ভারতীয় সংসদের প্রথম সপ্তাহটি সম্পূর্ণ নিষ্ফলা কাটল। গতকাল শুক্রবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই সারা দিনের মতো মুলতবি হয়ে যায়। যুযুধান দুই শিবিরের যা মনোভাব, তাতে আগামী সপ্তাহেও সংসদ স্বাভাবিক হবে কি না সন্দেহ।
সংশয়ের একটা কারণ ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ের স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে বিজেপির অধিকারভঙ্গের নোটিশ গৃহীত হওয়া। অন্য কারণ, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি। পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ি এই হুমকি দিয়ে শুক্রবার বলেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ফৌজদারি অপরাধী আখ্যা দিয়ে রাহুল যা বলেছেন, এর জন্য তাঁকে দুঃখ প্রকাশ করতে হবে। সুষমা দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। রাহুল যদি সুষমার কাছে ক্ষমা না চান, তা হলে তাঁর বিরুদ্ধে দল মানহানির মামলা করবে। গড়কড়ির এই হুমকির কোনো প্রতিক্রিয়া কংগ্রেসের কেউ দেননি।
তবে এই দুই ঘটনায় কংগ্রেস সভাপতি এতটাই ক্ষুব্ধ, কোনো আপসের রাস্তায় তিনি এখনো হাঁটতে নারাজ। গতকালও কংগ্রেস সদস্যরা কালো ব্যাজ পরে সংসদ ভবনে আসেন এবং একেবারে শুরু থেকেই সংসদের অধিবেশন বানচাল করতে স্লোগান দিতে থাকেন।
সুষমা স্বরাজের ইস্তফার দাবিতে এভাবে সংসদ অচল রাখা নিয়ে বিরোধী শিবিরে অবশ্য কিছুটা ভিন্নমত রয়েছে। তৃণমূল কংগ্রেস আলোচনা চাইলেও সুষমার পদত্যাগের দাবি তারা জানাচ্ছে না। সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংও সুষমার প্রতি কিছুটা নরম। দুই দলেরই এটা রাজনৈতিক বাধ্যবাধকতা। তৃণমূল নেতারা জানেন, ইস্তফার প্রশ্নে বিজেপিকে বেশি কোণঠাসা করলে সারদা কেলেঙ্কারি নিয়ে বিজেপিও তাদের ঘাড়ে নতুন করে চেপে বসতে পারে। কলকাতায় ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদ্যাপনে দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজনৈতিক সমালোচনা করেন। এর পরেই সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়কে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) সমন জারি করেছে।
সংসদ না চলায় বিব্রত ও মরিয়া বিজেপি এখন কংগ্রেসশাসিত রাজ্যগুলোর নেতাদের দুর্নীতিকে হাতিয়ার করছে। গতকাল সংসদ ভবনে গান্ধীজির মূর্তির সামনে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি সাংসদেরা অবস্থান বিক্ষোভ দেখান। উত্তরাখন্ডে প্রাকৃতিক বিপর্যয়ের পর ত্রাণের টাকা নয়ছয় করার অভিযোগে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এ অবস্থান করেন। ভারতীয় সংসদীয় রীতি অনুযায়ী রাজ্যের কোনো বিষয় সংসদের আলোচ্য হতে পারে না। বিজেপির এই আচরণ বুঝিয়ে দিচ্ছে বিরোধী আক্রমণে তারা কতটা বিব্রত ও ব্যতিব্যস্ত।
এদিকে মধ্যপ্রদেশের ব্যপম কেলেঙ্কারির তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।