প্রথমে বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ এএপি সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এসে আম আদমি পার্টির (এএপি) সরকার অঙ্গীকার অনুযায়ী প্রথমেই বিদ্যুতের দাম কমানো এবং বিনা মূল্যে পানি সরবরাহ করতে উদ্যোগী হয়েছে। খবর এনডিটিভির।
গত শনিবার এএপির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লি সরকার শপথ নেয়। গত সোমবার হয় নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠকে কেজরিওয়াল অর্থ ও বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর জন্য প্রস্তাব তৈরির নির্দেশ দেন।
তিন দিনের এএপি সরকার দিল্লির প্রতিটি বাড়িতে প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার লিটার পানি বিনা মূল্যে সরবরাহের জন্য দিল্লির পানি বোর্ডকে নির্দেশ দেয়। ২০১৩ সালে প্রথমবার দিল্লি বিধানসভার ক্ষমতায় এসে এএপি ৪০০ ইউনিট বিদ্যুৎ বিলের ৫০ শতাংশ বিল মওকুফ করার ঘোষণা দিয়েছিল।
মন্ত্রিসভার বৈঠকে দিল্লির তিনটি বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়টি নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত বিল নির্ধারণের অভিযোগ আছে।
সরকার এসব প্রতিষ্ঠানকে ভর্তুকি দেবে না প্রতিষ্ঠানগুলোকেই খরচ বহন করতে বলবে, তা স্পষ্ট নয়।
নতুন সরকার আরও ঠিক করেছে, কোনো ভবন অবৈধ জায়গায় নির্মিত হয়ে থাকলেও তা এখনই ধ্বংস করা যাবে না। আবাসিক এলাকা এবং বস্তি ভেঙে ফেলার বিষয়ে সরকার একটি সমন্বিত পরিকল্পনা নিতে চায়।
তবে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলেছে, এই সিদ্ধান্তে কোনো কিছুই হবে না, কেননা দিল্লির পুলিশ এবং জমির ওপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।