কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের মুক্তি নিয়ে ভারতে বিতর্ক চলছেই। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই হুরিয়াত নেতার মুক্তির বিষয়ে বিরোধী দলের তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রধান বিচার্য বিষয় জাতীয় নিরাপত্তা, জম্মু-কাশ্মীর সরকার নয়। খবর হিন্দুস্তান টাইমসের।
জম্মু-কাশ্মীরে কয়েক দিন আগেই ক্ষমতায় বসেছে বিজেপি-পিডিপির জোট সরকার। মাসারাতের মুক্তিতে বিজেপির চাপের মুখে পড়েছে পিডিপি। এখন দলটি বলছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করতেই মাসারাতকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই সবকিছু করা হয়েছে।
গতকাল পার্লামেন্টে রাজনাথ সিং বলেন, ‘মাসারাতের মুক্তির বিষয়ে জম্মু-কাশ্মীর সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকার খুশি নয়।’ তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট সরকারকে আমরা প্রাধান্য দিচ্ছি না। রাষ্ট্রের নিরাপত্তা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারের শাসনে থাকার সময়ই মাসারাতের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। প্রতিবেদনে দুটি চিঠির সূত্র ধরে বলা হয়, মাসারাতের মুক্তির বিষয়ে ১ মার্চ ক্ষমতায় আসা মুফতি সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।