প্রধানমন্ত্রী মোদি অসত্য ভাষণের দায়ে অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির রামলীলা ময়দানে রোববার ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি
দিল্লির রামলীলা ময়দানে রোববার ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

সত্য এটাই, সারা ভারতে নাগরিকপঞ্জি তৈরির (এনআরসি) সিদ্ধান্ত থেকে বিজেপি আপাতত পিছিয়ে আসছে। গত রোববার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তা করতে গিয়ে তিনি মারাত্মক ধরনের অসত্য ভাষণের দায়ে অভিযুক্ত হয়েছেন।

শাসক দল বিজেপির এই পশ্চাদপসরণের প্রধান কারণ নাগরিকত্ব আইন (সিএএ) ও প্রস্তাবিত এনআরসি নিয়ে দেশজোড়া বিক্ষোভ। বিজেপি চায় না, অনেক ভেবেচিন্তে যে আইন তারা পাস করিয়েছে, যার লক্ষ্য প্রতিবেশী তিন মুসলিমপ্রধান দেশের ‘নির্যাতিত সংখ্যালঘু শরণার্থীদের’ নাগরিকত্ব দান, তা থেকে তাদের সরে আসতে হোক। সিএএ করে তারা যে অসাংবিধানিক কিছু করেনি, দেশের মানুষ যে এই প্রশ্নে তাদের পক্ষে, তা প্রমাণে বিজেপি কোমর কষে নেমেছে। নজর তাদের অবশ্যই থাকছে সুপ্রিম কোর্টের ওপর। কিন্তু যে রাজনৈতিক উদ্দেশ্যে এই আইন করা, তা থেকে পিছিয়ে আসার কোনো অভিপ্রায় যে নেই, প্রধানমন্ত্রী মোদি তা দিনের আলোর মতো পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন।

কিন্তু তা করতে গিয়ে মোদি নিজেকে ‘অসত্যবাদী’ প্রমাণ করেছেন। তাঁর অসত্য ভাষণ দেশের রাষ্ট্রপতিকেও টেনে এনেছে বিতর্কের বৃত্তে।

দুটি বিষয় প্রধানমন্ত্রী মোদি পরিষ্কার করেছেন রামলীলা ময়দানে। প্রথমত তিনি বলেছেন, ‘এনআরসি নিয়ে সরকারের মধ্যে কোনো কথাই হয়নি। ২০১৪ সালে যখন সরকার গড়ি, তখন থেকেই বিরোধীরা এই অপপ্রচার চালাচ্ছে। দেশের ১৩০ কোটি জনতাকে আমি সত্যটা জানাতে চাই। এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি। সংসদে আসেনি। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নয়। কোনো নিয়মকানুনও তৈরি হয়নি।’ দ্বিতীয় যে বিষয়টি তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তা বিদেশিদের রাখার জন্য বন্দী শিবির। বলেছেন, ‘দেশের কোথাও কোনো বন্দী শিবির তৈরি হয়নি। কংগ্রেস, তার সহযোগী দল, কিছু শিক্ষিত নকশাল এবং শহুরে নকশালরা এই অপপ্রচার চালাচ্ছে।’

প্রধানমন্ত্রীর এই ‘ভাষণ’ কেন অসত্য? সত্যই বা তা হলে কী? সত্য হলো, সংসদে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানান, ২০২৪ সালের মধ্যেই সারা দেশে এনআরসি করে ফেলা হবে। একই কথা তিনি ৩ ডিসেম্বরেও বলেন ঝাড়খন্ডে, রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারে। এরও ছয় মাস আগে ২০ জুন যুগ্ম সংসদীয় অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘যে যে স্থানে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, সেখানে আমার সরকার অগ্রাধিকারের ভিত্তিতে এনআরসি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে।’

দ্বিতীয় অসত্য ভাষণ দেশের বিভিন্ন রাজ্যে বন্দী শিবির তৈরি সংক্রান্ত। আসামের গোয়ালপাড়ায় নির্মাণাধীন বন্দী শিবিরের ছবি বিভিন্ন কাগজে ইতিমধ্যেই বেরিয়েছে। গুয়াহাটি থেকে ১৫০ কিলোমিটার দূরে গোয়ালপাড়ার মাটিয়ায় সেই বন্দী শিবির তৈরি হচ্ছে আড়াই হেক্টর জমির ওপর, যেখানে অন্তত ৩ হাজার বন্দীকে রাখা যাবে। মোট ১৫টা চারতলা বাড়ি তৈরি হচ্ছে সেখানে। প্রধানমন্ত্রীর ভাষণের পরদিনই সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে আরও এক বন্দী শিবির তৈরির খবরও ছবি ছাপা হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে সন্দেকোপ্পা গ্রামে সেই বন্দী শিবিরের কাজ প্রায় শেষ। খবরে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ওই শিবির তৈরি করা হয়েছে, যেখানে ‘বিদেশিদের’ বন্দী রাখা হবে।

ভরা জনসভায় প্রধানমন্ত্রীর এই মন্তব্য কেন? স্পষ্টতই বোঝা যাচ্ছে, এই মুহূর্তে বিজেপি গোটা দেশে ক্ষোভের আগুন প্রশমিত করতে চাইছে। সিএএ এবং এনআরসির জোড়া ফলা মুসলমান মনে বিপুল আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিবেশী বাংলাদেশেও এ নিয়ে ক্ষোভ বেড়ে চলেছে। প্রথমে কাশ্মীর, তার পর সিএএ এবং এনআরসি আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এনআরসি ও বন্দী শিবিরসম্পর্কিত আগ্রহে জল ঢালার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী একদিকে আন্তর্জাতিক মহল অন্যদিকে দেশের মুসলমান মনকে আশ্বস্ত করতে চেয়েছেন। কিন্তু তা করতে গিয়ে তাঁকে ‘অসত্য ভাষণের’ দায় ঘাড়ে নিতে হলো।

সারা দেশে এনআরসি করা নিয়ে সবচেয়ে উচ্চকিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববারের সমাবেশের আয়োজক ছিল দিল্লি বিজেপি। উপলক্ষ ছিল দিল্লি নির্বাচন। কিন্তু সেই সমাবেশে অমিত শাহ ছিলেন অনুপস্থিত। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীই তাঁকে ধীরে চলো নীতি নিতে বলেছেন। প্রধানমন্ত্রী চান, আগে সিএএ সব বাধা কাটিয়ে উঠুক। তার পর এনআরসি নিয়ে ভাবা যাবে। এনআরসির দায় বিরোধীদের ওপর চাপালেও প্রধানমন্ত্রী কিন্তু একবারের জন্যও বলেননি, সারা দেশে এনআরসি করা হবে না।