প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
টুইটারে পোস্টে মোদি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে মধুমতী নদীর তীরে টুঙ্গিপাড়ায়। তাঁরা পাঁচ ভাইবোন। অন্য চারজন হলেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল। ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের হাতে নিহত হন।