ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপির অভিযোগের সারবত্তা কতখানি—কাল শুক্রবার ভারতের নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে তা হাতেনাতে প্রমাণ হবে! এ দিন নির্বাচন কমিশনে উপস্থিত থাকতে দেশের সাতটি জাতীয় দল এবং আম আদমি পার্টিসহ (এএপি) ৪৮টি আঞ্চলিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আম আদমি পার্টির পক্ষে গত মঙ্গলবার দিল্লি বিধানসভায় দেখানো হয়, কীভাবে ইভিএমের মাধ্যমে কারচুপি হয়েছে। এই মহড়ায় এক নকল ইভিএমের সাহায্য নেয় দলটি। আম আদমির বিধায়ক সৌরভ ভরদ্বাজ সেই নকল ইভিএমের মাদারবোর্ডে ‘কোডের’ সামান্য হেরফের ঘটিয়ে দেখান, কত অল্প সময়ে কীভাবে পছন্দসই প্রার্থীর অনুকূলে ভোট করানো যায়।
সৌরভ ভরদ্বাজ রাজনীতিতে আসার আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন ভোটের সময় যে ইভিএম ব্যবহার করেছে, মাত্র দেড় মিনিটের মধ্যে তাতে ইচ্ছামতো কারচুপি করা সম্ভব। বিধানসভায় নমুনা দেখানোর সময় তিনি বলেন, নির্বাচন কমিশন গুজরাট বিধানসভা ভোটে যে ইভিএমগুলো ব্যবহার করবে, সেগুলো তাঁকে মাত্র তিন ঘণ্টার জন্য দেওয়া হলে মাদারবোর্ডে ‘কোড’-এর সামান্য অদল-বদল ঘটিয়ে তিনি বিজেপির পরাজয় নিশ্চিত করে দিতে পারবেন।
আম আদমি পার্টির এই মারাত্মক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ইভিএমে কারচুপি করা একেবারেই সম্ভব নয়। নকল ইভিএমে কী করা যায় তা অন্য ব্যাপার। কমিশনের ইভিএমে কারচুপি সম্ভব নয়। কমিশনের ডাকা বৈঠকে এই বিবাদের অবসান ঘটে কি না, তাই দেখার বিষয়।
পাঁচ রাজ্যের নির্বাচনের পরেই ইভিএমে কারচুপি করে ভোটে জেতার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগের তির থেকে নির্বাচন কমিশনও বাদ যায়নি। পাঞ্জাবের ভোটে ভরাডুবির পর প্রথম সরব হয় আম আদমি পার্টি। উত্তর প্রদেশে বিপর্যয়ের পর একই রকম সরব হন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। একে একে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ অন্য কিছু দলও ইভিএমে কারচুপির প্রসঙ্গে সরব হয়।
কমিশনের কাছে দলগুলোর আরজি, ইভিএম বাতিল করে পুরোনো ‘পেপার ব্যালট’ পদ্ধতিতে ভোট গ্রহণ করা হোক। এরপরেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ডেকেছে।
সব রাজনৈতিক দলের বৈঠক ডাকার পর নির্বাচন কমিশন ইভিএমের পাশাপাশি নতুন এক ব্যবস্থাও চালু করেছে। এই ব্যবস্থা অনুযায়ী কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা জানার ব্যবস্থা রাখা হয়েছে। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি কাগজ বেরিয়ে আসবে, যাতে বোঝা যাবে ঠিক নামের পাশে ভোট পড়ল কি না। এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ভেরিফায়েবল পেপার রেকর্ড’ বা ‘ভিপিআর’। তবে ওই ভিপিআর বুথের বাইরে নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই ব্যবস্থা পরীক্ষা করে দেখেছে। তারা জানিয়েছে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে এই নতুন ব্যবস্থা চালু করা হবে।