প্রশংসায় ভাসছেন খননযন্ত্রে নদী পেরোনো করোনা–যোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থ মুভার যন্ত্রে নদী পার হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
ছবি : সংগৃহীত

ভারতে করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ব্যক্তিগত ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা সাহসী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি টুইটারে এক ছবিতে এর একটি উদাহরণ চোখে পড়ে। টুইটারে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা খননকাজে ব্যবহৃত যন্ত্রের সাহায্যে (আর্থ মুভার) লাদাখ নদী পার হচ্ছেন।

ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার ছবিটি লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল টুইট করেছেন। তাতে দেখা যায়, চারজন স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্রের সামনে বসে আছেন। এর মধ্যে দুজনকে পিপিই পরা অবস্থায় দেখা যায়।
টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি বিজেপির এই নেতা লিখেছেন, ‘কোভিড যোদ্ধাদের স্যালুট। কোভিড যোদ্ধাদের একটি দল প্রত্যন্ত লাদাখ অঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে নদী পার হচ্ছেন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন ও কোভিড যোদ্ধাদের সহযোগিতা করুন।’

লাদাখ অঞ্চলের ভূখণ্ড বিবেচনায়, ওই ছবিটি প্রমাণ করে স্বাস্থ্যসেবা কর্মীরা তাদের দায়িত্ব পালনে কত দূর পর্যন্ত গিয়েছিলেন।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সম্মুখযোদ্ধাদের প্রশংসায় ভাসাচ্ছেন। ছবিটিতে কয়েক ঘণ্টার মধ্যেই ৭ হাজার ৭০০ বারের বেশি লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে এক হাজারের বেশিবার।

অনেক টুইটার ব্যবহারকারী দেশজুড়ে স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।