প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি শেষ হওয়ার পথে
ভারতে ভোট বিশেষজ্ঞ বা ভোটকুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর বা পিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক এখন শেষ হওয়ার পথে। গতকালই সেই ইঙ্গিত মিলেছে। এত দিন প্রশান্ত কিশোরের পরামর্শে তৃণমূল কংগ্রেস চলত। নির্বাচনের যাবতীয় কাজ করত। প্রার্থী মনোনয়নে উল্লেখযোগ্য অবদান রাখত।
কিন্তু সেই ভোটকুশলীর সঙ্গে এবারে রাজ্যের ১০৮টি পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে দ্বন্দ্ব বাধে মুখ্যমন্ত্রী মমতার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত পৌর নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয়, এ তালিকা দলের। অন্য যে প্রার্থী তালিকা দলের অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছে, তা খারিজ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তালিকা তৃণমূলের পরামর্শদাতা ও কোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার তৈরি। মুখ্যমন্ত্রী এ কথা জানতে পেরে সেই তালিকা গতকাল খারিজ করে দেন। আর ওই তালিকা নিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। গতকাল রাজ্যে বিভিন্ন এলাকায় ওই তালিকা বাতিলের অভিযোগ ওঠে। শুরু হয় রাজ্যজুড়ে আন্দোলন।
গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতার উত্তর প্রদেশে রাজ্য বিধানসভার নির্বাচনে প্রচারে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষর করা প্রার্থী তালিকাই চূড়ান্ত তালিকা। আর প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা গতকালই জানিয়ে দেন, ‘এটা দলের কোনো বিষয় নয়। এ প্রশ্নের উত্তর দেব না।’
অন্যদিকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আইপ্যাকের সঙ্গে যাঁরা সম্পর্ক রেখেছিলেন, এ প্রশ্নের জবাব তাঁরাই দিতে পারবেন।’
প্রশান্ত কিশোর ভোট বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন দলের হয়ে কাজ করছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতার দলের ব্যাপক পরাজয়ের পর মমতা ২০২০ সালের জুলাই মাসে নিয়োগ করেন এই ভোটগুরু প্রশান্ত কিশোর বা পিকেকে। চুক্তি করেন প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে তিনি মমতার হয়ে তৃণমূলের পক্ষে কাজ করে জিতিয়েছেন মমতাকে।
যদিও এই প্রশান্ত কিশোরের সংস্থা ২০১২ সালে গুজরাটের নির্বাচনে দায়িত্বে থেকে তৃতীয়বারের জন্য মোদিকে ক্ষমতায় আনেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এ সংস্থার পরামর্শে ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’ আর ‘চায়ে পে চর্চা’ স্লোগান তুলে মোদিকে ক্ষমতায় আনার কারিগর হয়। ২০১৫ সালে বিহারে নীতীশ-লালু প্রসাদ জোটকে ক্ষমতায় আনার কারিগর ছিল এ সংস্থা। ২০১৭ সালে ১০ বছর পর কংগ্রেসকে পাঞ্জাবে ক্ষমতায় আনে। আর গত ২০১৯ সালে অন্ধ্র প্রদেশের লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন্মোহন রেড্ডিকে ক্ষমতায় আনার কারিগর হন। একসময় প্রশান্ত কিশোর বিহারের সংযুক্ত জনতা দলের সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন ওই দলের রাজ্য সহসভাপতিও।
একেক সময় একেক দলের হয়ে কাজ করার কারণে তাঁর সমালোচনাও বিস্তর।
তৃণমূলের সঙ্গে পিকের এবারের দূরত্ব নিয়ে খোঁচা দিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী বলেছেন, প্রশান্ত কিশোর একজন ভোটের ঠিকাদার। আগে মোদির হয়ে ভোট করেছেন। তারপর মমতার হয়ে ভোট করেছেন। এবার আবার শুরু করেছেন মোদির গুণকীর্তন। যে যত বেশি টাকা দেবেন, তাঁর পক্ষেই তিনি ভোট করবেন। নতুন করে টাকা নিয়ে এবার বিজেপিকে ভালো জায়গা করে দিতে চাইছেন। তিনি একজন ব্যবসায়ী।
তৃণমূলের রাজ্য মুখপাত্র সৌগত রায় অবশ্য বলেছিলেন, ‘প্রশান্ত কিশোর ভোটের ব্যাপারে খবর রাখেন। তাঁর সংস্থা আইপ্যাক আমাদের সাহায্য করেন।’ বিজেপি মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, ‘প্রশান্ত কিশোর ভোট নিয়ে ব্যবসা করেন। যদি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও গোয়ার সব কটি আসনে মমতা জেতেন, তাতেও মোদিকে হঠাতে পারবেন না।’
বিজেপির সঙ্গে প্রশান্ত কিশোরের যোগসূত্র নিয়ে নতুন করে কথা ওঠার কারণ সম্ভবত তাঁর সাম্প্রতিক মন্তব্য।
প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দল তৈরি হয়নি এখনো। আর বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, শুধু ২০২৪ নয়, আগামী ১০ বছর বিজেপি ক্ষমতায় থাকবে। মোদির জনপ্রিয়তাকে হারানো সহজ নয়।