প্রশ্নের মুখে ভারতের নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের যে সাংবিধানিক সংস্থার প্রতি একটানা ২৭ বছর ধরে কেউ পক্ষপাতিত্বের অভিযোগ আনতে পারেনি, সেই নির্বাচন কমিশন আজ সম্মিলিতভাবে গুরুতর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। অভিযোগ, শাসক বিজেপিকে রাজনৈতিক সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন গুজরাট বিধানসভার ভোটের দিনক্ষণ পরে ঘোষণা করল। অভিযোগটি যে নিছকই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ নয়, গুজরাট সরকারের শীর্ষ কর্তাদের বয়ানই তার প্রমাণ।

এই অভিযোগ ওঠানোর জন্য নির্বাচন কমিশনই কিন্তু দায়ী। হিমাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ জানুয়ারি, গুজরাটের ২২ তারিখ। কাছাকাছি মেয়াদ শেষের জন্য বিভিন্ন রাজ্যের ভোটের দিন একই সঙ্গে ঘোষণার যে প্রথা ২৭ বছর ধরে নির্বাচন কমিশন মেনে চলেছে, এই প্রথম তারা তার বিচ্যুতি ঘটাল। ১২ অক্টোবর কমিশন শুধু হিমাচল প্রদেশের ভোটের দিন ঘোষণার করে। তারা এ কথাও জানিয়ে দেয়, গুজরাটের ভোটের দিন পরে জানানো হবে, যদিও দুই রাজ্যের ভোটের ফল যে একই দিনে প্রকাশ হবে (১৮ ডিসেম্বর) সেই স্পষ্ট ইঙ্গিতও তারা দেয়। কেন গুজরাটের ভোট-নির্ঘণ্ট ঘোষিত হলো না? মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি তার ব্যাখ্যায় বলেন, রাজ্যের বিস্তীর্ণ এলাকা এবার বন্যায় বিপর্যস্ত। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি ও পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। ভোটের দিন ঘোষণা করা হলে তা ব্যাহত হবে।

অথচ গত বুধবার কমিশন যখন গুজরাটের সেই ভোট-নির্ঘণ্ট ( দুই দফায় ৯ ও ১৪ ডিসেম্বর) প্রকাশ করছে , ঠিক তখনই জানা যায় , বিজেপি-শাসিত গুজরাট সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রিন্সিপাল সচিব পঙ্কজ কুমার (বন্যা ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্বে থাকা শীর্ষ আমলা) ১৩ আগস্ট সরকারিভাবে জানিয়ে দিয়েছিলেন, আগস্ট মাসের ৯ তারিখেই ত্রাণ ও পুনর্বাসনের কাজ শেষ হয়ে গেছে। ওই সময়ের মধ্যেই উপদ্রুত এলাকার সব রাস্তা মেরামত শেষ হয়েছে, ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত ও মরে যাওয়া গবাদিপশুর জন্য ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য বিলিও শেষ এবং উপদ্রুত অঞ্চলের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সংগত কারণেই তাই প্রশ্ন উঠেছে, সাতাশ বছরের প্রথার বাইরে গিয়ে নির্বাচন কমিশন কেন এমন করল?

সম্মিলিত বিরোধীদের সুর এই বিষয়ে এক ও অভিন্ন। বিরোধী বক্তব্য, এই প্রথম নির্বাচন কমিশনের তিন প্রতিনিধিই বিজেপি দ্বারা নিয়োজিত। মুখ্য নির্বাচন কমিশনার নিজেই গুজরাট ক্যাডারের অফিসার। এই কারণেই শাসক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ভোটের তারিখ ঘোষণায় এই ১১ দিনের বিলম্ব ঘটানো হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিলম্ব এই কারণে, যাতে গুজরাটের ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে গিয়ে গাদাগাদা প্রকল্পের ঘোষণা করতে পারেন। যাতে এই রাজ্যের রাজনীতিক দলীয় সভাপতি অমিত শাহর পক্ষে রাজ্য জয় সহজ হয়। এই ১১ দিনে প্রধানমন্ত্রী তাঁর রাজ্যে গিয়েছেন তিনবার। শেষবারের সফরে গিয়ে মোট ৯ লাখ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা তিনি করেছেন, দিন ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যা করা যেত না।

২৭ বছর ধরে গুজরাট বিজেপির দখলে। ১৯৯০ সালে ভোটে কংগ্রেসকে হারিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। ওই বছরেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পান টি এন শেসন। শাসক দলের ইশারায় চলা এই সাংবিধানিক সংস্থাকে প্রকৃত অর্থে নিরপেক্ষ ও স্বাধীন করে তোলার কাজ তাঁর হাত দিয়েই শুরু। শেসনের আমল থেকে নির্বাচন সংস্কারের যে কাজ শুরু হয়, পরবর্তীকালে তা ক্রমেই শক্তিশালী হয়েছে। নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও গত ২৭ বছরে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কেউ কোনো দিন আনেনি। এই প্রথম সেই ধারাবাহিকতার ওপর গুরুতর প্রশ্ন উঠে গেল। প্রশ্ন উঠল কমিশনের নির্ভীকতা ও নিরপেক্ষতা নিয়েও।