প্রিয়াংকা গান্ধীকে কংগ্রেসের হাল ধরার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল ছবি
প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাই প্রিয়াংকা গান্ধীকে দলের হাল ধরার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা।

কংগ্রেসের কর্মীদের অভিযোগ, রাহুল গান্ধী এবারের নির্বাচনে তেমন তৎপর ছিলেন না। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি যেখানে এই দুই রাজ্যে ২৭টি জনসভা করেছেন, সেখানে রাহুল গান্ধী মাত্র ১০টি জনসভা করেছেন।

গতকাল রোববার ওই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। দুটি রাজ্যেই হেরেছে কংগ্রেস। আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জিতেছে। মহারাষ্ট্রে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আর হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় রয়েছে ১০ বছর ধরে। তাই এবারের হার কংগ্রেসে​র কর্মীরা মেনে নিতে পারছেন না।

প্রিয়াংকা গান্ধীকে দলের হাল ধরার দাবিতে গতকাল কংগ্রেসের কয়েক শ কর্মী পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে দিল্লির আকবর রোডে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তাঁরা কংগ্রেসের হাল প্রিয়াংকা গান্ধীর হাতে তুলে দেওয়ার দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেসের নেতা জগদীশ শর্মা। তবে কংগ্রেস নেতারা এই ফলাফলে যে একেবারে ভেঙে পড়েছেন তা নয়। কারণ, গত লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে এই দুটি রাজ্যে ভোট পেয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে সেভাবে ভোট পায়নি। ভোট কমে গেছে।

কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল বলেছেন, ‘নরেন্দ্র মোদির যদি এতই হাওয়া থাকবে, তবে কেন লোকসভার আসন ধরে রাখতে পারলেন না। এবার লোকসভার ভোটের নিরিখে অনেক বেশি আসন পেয়েছে কংগ্রেস।’