
ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর জমির হিসাব দিতে তথ্য কমিশনের একটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন হিমাচল প্রদেশের হাইকোর্ট। গত ২৯ জুন এক তথ্য অধিকারকর্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে হিমাচলের তথ্য অধিকার কমিশন ১০ দিনের মধ্যে ওই রাজ্যে প্রিয়াঙ্কার মালিকানাধীন জমির হিসাব দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। গতকাল বুধবার একটি ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ দেন। প্রিয়াঙ্কা মনে করেন, জমির তথ্য প্রকাশ পেলে তাঁর জীবনের প্রতি ঝুঁকি সৃষ্টি হবে। এটি তাঁর ব্যক্তিগত জীবনেও অযাচিত হস্তক্ষেপ। হিমাচলের এক তথ্য অধিকারকর্মী সিমলার জেলা প্রশাসকের কাছে ওই জমির পরিমাণ জানতে চেয়ে আবেদন করেন। নিরাপত্তার যুক্তিতে প্রশাসন তথ্য দিতে অস্বীকৃতি জানায়। প্রিয়াঙ্কা সিমলার অত্যন্ত সুরক্ষিত এলাকা ছারাব্রায় একটি বাড়ি তৈরি করছেন। ইন্ডিয়া টুডে