প্রিয়রঞ্জন দাশমুন্সি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রিয়রঞ্জন দাশমুন্সি

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি মারা গেছেন। আজ দুপুর ১২টার দিকে রাজধানী নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে মারা যান পশ্চিমবঙ্গের এই প্রবীণ কংগ্রেস নেতা। এ সময় তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি এবং ছেলে মিছিল তাঁর পাশে ছিলেন।

প্রিয়রঞ্জন দাশমুন্সি নয় বছর ধরে একটানা কোমায় ছিলেন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত প্রিয়রঞ্জনের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছিল সম্প্রতি।

দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন প্রিয়রঞ্জন। দীর্ঘ নয় বছর ধরে তিনি কথা বলতে পারেননি। অসাড় হয়ে ছিল তাঁর দেহ। জ্ঞান ছিল না।

কংগ্রেস সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে প্রিয়রঞ্জনের মরদেহ জাতীয় কংগ্রেসের সদর দপ্তর ২৪ আকবর রোডে নিয়ে যাওয়া হবে। দলের শীর্ষ নেতৃত্ব সেখানেই অন্তিম শ্রদ্ধা জানাবেন প্রয়াত নেতার মরদেহে।

প্রিয়রঞ্জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।