প্রিয়াঙ্কার ইঙ্গিত, তিনিই হবেন মুখ্যমন্ত্রী
উত্তর প্রদেশে দল জিতলে তিনিই যে মুখ্যমন্ত্রী হবেন, তার স্পষ্ট ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার দিল্লিতে দলীয় সদর দপ্তরে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি পাল্টা জানতে চান, ‘আপনি কি অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন? সব জায়গায় তো আমারই মুখ দেখছেন।’
যে পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন হতে চলেছে, কোথাও কংগ্রেস এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। পাঞ্জাবে বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির নামও নয়। সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, দল জিতলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কি না। তার জবাবে প্রিয়াঙ্কা হাসতে হাসতে ওই কথা বলেন।
উত্তর প্রদেশের সাত দফা নির্বাচন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। প্রথম দুই দফা ছাড়া এখনো সব কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। কাজেই প্রিয়াঙ্কা নিজে ভোটে দাঁড়াবেন কি না অজানা। তবে ভোটে না দাঁড়ালেও মুখ্যমন্ত্রী হওয়া আটকাবে না। যোগী আদিত্য নাথও গত বিধানসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদের সদস্য হয়েছেন। প্রিয়াঙ্কাও তেমনই করতে পারেন। অথবা উপনির্বাচনে জিতে আইনসভার সদস্য হতে পারেন। যদিও এই উত্তরের মধ্য দিয়ে তিনি সম্ভাবনার রাস্তা খুলে রাখলেন। জল্পনাও উসকে দিলেন।
প্রতিশ্রুতি যুব কর্মসংস্থান
উত্তর প্রদেশের যুব সম্প্রদায়ের সার্বিক উন্নতির লক্ষ্যে শুক্রবার ওই রাজ্যের বিধানসভার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। ইশতেহার প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাজ্যের যুব সম্প্রদায়ের কথা ভেবে তাদের সঙ্গে পরামর্শ করে এই ইশতেহার তৈরি হয়েছে। এই ইশতেহার যুব সম্প্রদায়কে এক নতুন দিশা দেখাবে, যা কিনা শুধু কংগ্রেসের পক্ষেই পূরণ করা সম্ভব।
রাহুল বলেন, এই নির্বাচনী ইশতেহারে যা কিছু বলা হয়েছে, কোনোটিই শূন্য কুম্ভের আওয়াজ নয়। ফাঁকা বুলি নয়। তিনি বলেন, আজ রাজ্যে যা প্রয়োজন, সর্বস্তরে কথা বলে সেই প্রতিশ্রুতির কথাই বলা হয়েছে। তিনি বলেন, প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি। নতুন দিশা। একমাত্র কংগ্রেসই তা দিতে পারে।
কেন একমাত্র কংগ্রেস তা দিতে পারে—সেই ব্যাখ্যাও রাহুল দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ঘৃণা ছড়াই না। আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করি না। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি। যুবাদের সঙ্গে নিয়ে আমরা নতুন উত্তর প্রদেশ গড়তে চাই।’
উত্তর প্রদেশের ভোটের পুরো দায়িত্ব কংগ্রেস তুলে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর ওপর। প্রিয়াঙ্কা তাঁর মতো করে চেষ্টাও করছেন। নারীর ক্ষমতায়নকে এবার তিনি পাখির চোখ করেছেন। গতকাল রাহুলের পাশে থেকে তিনিও বলেন, কর্মসংস্থান সবচেয়ে কঠিন সমস্যা। চাকরি না পেয়ে যুব সম্প্রদায় হতাশ। কংগ্রেস তাই উন্নয়নের দিকে বেশি জোর দিয়েছে। তিনি বলেন, রাজ্যজুড়ে শুধু জাতপাত ও সাম্প্রদায়িক লড়াই চলছে। কংগ্রেস এই নেতিবাচক রাজনীতির মধ্যে নেই। কংগ্রেস ইতিবাচক প্রচারে বিশ্বাসী। উন্নয়নে বিশ্বাসী। সেই লক্ষ্যেই তাঁরা কাজ করছেন।
কর্মসংস্থানের করুণ অবস্থার দিকে গুরুত্ব দিয়ে রাহুল বলেন, নতুন চাকরি বা কাজ তো দূরের কথা, যুব সম্প্রদায়ের কাজ চলে যাচ্ছে। কারণ, সরকার কাজ দিচ্ছে শুধু দু-তিনজন শিল্পপতিকে। রাজ্যের যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলে কংগ্রেস তাই ঠিক করেছে, কর্মসংস্থানের ওপরই সবচেয়ে জোর দেওয়া হবে।
প্রিয়াঙ্কা বলেন, সবাই লাখ লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কীভাবে তা সম্ভব, সে কথা কেউ বলে না। কংগ্রেসের ইশতেহারে সেই ব্যাখ্যাই দেওয়া হয়েছে। পরীক্ষার দিনক্ষণ দেখে চাকরিসংক্রান্ত একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যাতে যুব সম্প্রদায় উপকৃত হয়।
জাতপাতের লড়াইয়ের মধ্যে না ঢুকে হীনবল কংগ্রেস উত্তর প্রদেশে নারীর ক্ষমতায়নের ওপর বেশি জোর দিয়েছে। সে জন্য মোট আসনের ৪০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রিয়াঙ্কা স্লোগান দিয়েছেন, ‘লেড়কি হুঁ, লড় সকতি হুঁ’ (আমি মেয়ে, আমি লড়াই করতে জানি)।