প্রিয়াঙ্কার স্বামী রবার্ট আসছেন রাজনীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র রাজনীতিতে আসছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছে। সেখানে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে উত্তর প্রদেশের পূর্বাংশে দায়িত্ব গ্রহণের পরে এমন ইঙ্গিত দিলেন রবার্ট ভদ্র। রবার্ট ভদ্রের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রবার্ট ফেসবুকে লিখেছেন, ‘রাজনীতিতে থেকে আমি মানুষের জন্য কাজ করতে চাইনি। কিন্তু যদি রাজনীতিতে যোগ দিয়ে তাদের জন্য বড় কিছু করা যায়, তাহলে কেন যোগ দেব না? তবে আমি রাজনীতিতে যোগ দেব কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে।’

এর আগে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ফেসবুকে লিখেছিলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর প্রদেশে অনেক বছর ধরে আমি প্রচারের কাজ করছি। কাজ করার সময় আমার মনে হয়েছে মানুষের জন্য আমি আরও বেশি কিছু করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। ওই সময় মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি।’

নিজের ওপর আরোপিত অভিযোগ প্রসঙ্গে রবার্ট লিখেছেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকার আমার পেছনে লেগে আছে। তারা আমার নাম ব্যবহার করে দেশের প্রধান ইস্যু ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে।’ তিনি আরও লিখেছেন, ‘দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আমার ওপর আরোপিত অভিযোগের কোনো সত্যতা নেই। অনেক মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি। অনেকেই আমাকে সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।’