প্রোটোকল ভেঙে ইউএইর যুবরাজকে অভ্যর্থনা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রোটোকল ভেঙে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভ্যর্থনা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে নরেন্দ্র মোদি তাঁকে অভ্যর্থনা জানান। আগামীকাল ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই দিন ভারতে পৌঁছান। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মোদি ইউএইর যুবরাজকে উষ্ণ আলিঙ্গন করেন। এ ঘটনাটিকে দেশ দুটির মধ্যকার সম্পর্কের উন্নতির সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনে যুদ্ধে যোগ দিতে ইউএইর প্রস্তাব পাকিস্তান প্রত্যাখ্যান করে। আর এর সঙ্গে প্রোটোকল ভেঙে আল নাহিয়ানকে মোদির অভ্যর্থনা জানানোর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই কুচকাওয়াজে সাধারণত পাকিস্তান ও চীনকে উদ্দেশ্য করে পরমাণু ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়ে থাকে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল নাহিয়ান ইউএইর সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার। বাণিজ্য ও নিরাপত্তার বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করতে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।