প্লেনে বিমানবালাকে যৌন হয়রানির দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

বিমানবালাকে যৌন হয়রানির দায়ে এক ভারতীয় নাগরিককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। ২০১৭ সালে ভারতের কোচি থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ওই বিমানবালাকে যৌন হয়রানি করায় আজ শুক্রবার তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম বিজয়ন মাথান গোপাল। তিনি প্রকৌশলী। তিনি সিঙ্গাপুরে থাকেন। ২০১৭ সালের ২ নভেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের মালিকানাধীন স্কুট ফ্লাইটে ২২ বছর বয়সী ওই বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে বিজয়নকে এই কারাদণ্ড দেওয়া হয়।
শুনানিতে ওই বিমানবালা বলেন, যাত্রীদের কোনো সাহায্যের প্রয়োজন হলে নির্দিষ্ট বোতাম টিপে বিমানবালাদের সাহায্য নেওয়ার ব্যবস্থা আছে। বিজয়ন কোনো কারণ ছাড়াই বারবার সেই বোতাম টিপে তাঁকে ডেকে আনছিলেন। একপর্যায়ে তিনি বিজয়নকে এমন কাজ করতে বারণ করতে যান। তখন বিজয়ন ওই বিমানবালার হাত চেপে ধরে বলেন, ‘তুমি খুব সুন্দর।’ একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করেন বিজয়ন। বাধা দেওয়ার চেষ্টা করলে বিজয়ন তাঁকে বলেন, ‘আমার ওপর রাগ দেখিয়ো না। আমি এই বিমানের মালিক।’ পরে বিমানবালা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি সহকর্মীদের জানান। এরপর বিমানবন্দর পুলিশের কাছে লিখিত অভিযোগও করেন।
আদালতের রায়ে বলা হয়, ‘যৌন হয়রানির মাত্রা, পরিস্থিতি এবং শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় রেখে এই রায় দেওয়া হয়েছে।’ তবে অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন বিজয়ন। তিনি বলেছেন, ‘বাজে সেবার বিষয়ে অভিযোগ করায় ওই বিমানবালা ও তাঁর সহকর্মীরা আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ এনেছেন।’ ঘটনার পর সিঙ্গাপুরে নিজের চাকরিটিও খুইয়েছেন বিজয়ন।