প্লে-গ্রুপের শিশুকে ধর্ষণ করলেন স্কুল-মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির একটি প্লে স্কুলে তিন বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই স্কুলের মালিকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ পাওয়ার পর আজ শুক্রবার অভিভাবকেরা ওই ব্যক্তিকে মারধর করেন।

শিশুর পরিবার অভিযোগ করে, গতকাল যখন শিশুটি বাসায় ফেরে তখন তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক জানান সে ধর্ষণের শিকার হয়েছে।

ওই শিশুর পরিবার আরও অভিযোগ করে, তিন দিন ধরে ওই মেয়েটি ও আরেকটি মেয়েশিশু এ ধরনের পাশবিকতার শিকার হয়।

পশ্চিম দিল্লির হরিনগরে অবস্থিত ওই স্কুলটির মালিক একটি পরিবার। আজ ওই ব্যক্তি মারধরের শিকার হওয়ার পর থেকে পরিবারের অন্য সদস্যরা নিখোঁজ।

ধর্ষণের শিকার শিশুটির দাদি এনডিটিভিকে জানান, তিন দিন ধরে সে (শিশু) বমি করছিল। এমনকি সে সংক্রমণে আক্রান্ত হয়েছে। সে জানিয়েছে, ‘ভাইয়া’ তার ওপর এই নির্যাতন চালিয়েছে।
স্কুলের শিশুরা স্কুল-মালিকদের মধ্যে পুরুষদের ‘ভাইয়া’ ও নারীদের ‘দিদি’ বলে সম্বোধন করে।

দাদি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছি। এরপর তারা তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যায়। সেখানে অনেক সময় নেয় তারা।’

আজ সকালে স্কুলে আসার পথে স্কুলের ওই মালিকের ওপর অভিভাবক ও স্থানীয় লোকজন হামলা চালান। সেখানে পুলিশ আসার আগ পর্যন্ত তাঁরা তাঁকে পেটাতে থাকেন। পরে শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
স্কুলের বাইরে একজন বিক্ষোভকারী বলেন, ‘এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা মনে করেছি স্কুলটিতে পর্যাপ্ত ক্যামেরা রয়েছে, যা নিরাপত্তার জন্য যথেষ্ট। কিন্তু এত ছোট অসহায় একটি শিশুর সঙ্গে স্কুলে কেমন করে এ ধরনের ঘটনা ঘটতে পারে?’