পড়ল ধরা সেই 'বিড়াল চোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাতে দস্তানা পরা। মুখটি ঢেকে রাখা। কেবল মুখই নয়, পুরো শরীরটিই থাকে কাপড়ে মোড়ানো। বাড়ির দরজা নয়। বারান্দা দিয়ে আসা-যাওয়াতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পোশাকটি পরেন বিশেষ কায়দায়। যেন কেউ ধরলে চট করে পোশাক খুলে বেরিয়ে যেতে পারেন।

তিনি একজন পাকা চোর। নাম মোহাম্মদ আকরাম। বিড়ালের মতো নিঃশব্দে বাড়িতে ঢুকে চুরি করার দক্ষতার জন্য অনেকে তাঁকে ডাকে ‘বিড়াল চোর’।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে হাউজ খাস এনক্লেভ, আনন্দলোক ও গলফ লিংক এলাকায় কমপক্ষে ১২টি বাড়িতে হানা দিয়েছেন এই বিড়াল চোর। পুলিশের নাকের ডগা দিয়ে বারবার পালিয়েছেন। তবে বিপত্তি বাঁধে গত মঙ্গলবার। সেদিন ভাগ্য খারাপ ছিল। তাই দিল্লির সফদরজং ডেভেলপমেন্ট এলাকার একটি বাড়ি থেকে চুরি করে পালানোর সময় পুলিশের এক সদস্যের হাতে ধরা পড়েন।

আকরাম বিড়ালের মতো নিঃশব্দে পাইপ অথবা পিচ্ছিল দেয়াল বেয়ে যেকোনো বাড়িতে ঢুকে পড়তে পারেন। এভাবেই সেদিন তিনি বয়স্ক এক নারীর বাসায় ঢুকে পড়েন। ওই নারী সতর্কসংকেত বাজান। আকরাম তড়িঘড়ি পালানোর জন্য অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তবে সেই অটোরিকশার চালকই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর জানিয়ে দেন।

পুলিশের খাতার হিসাব অনুসারে, আকরাম ২০০৪ সাল থেকে ৩০টিরও বেশি চুরির ঘটনার সঙ্গে জড়িত। দিল্লিতে তিনি তিনবার পুলিশের কাছে ধরা খান। উত্তরপ্রদেশেও কয়েকবার ধরা পড়েন। প্রতিবার ছাড়া পাওয়ার পর এই বিড়াল চোর পুলিশের নজর ফাঁকি দিতে এলাকা বদলাতেন। অর্থাৎ চুরি করতে যেতেন অন্য এলাকায়।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে আকরাম জানান, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজমিস্ত্রির কাজ করেছেন। সেই সময়ই দড়ি ছাড়াই ভবনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, দেয়াল বেয়ে ওঠা ও লাফানোর বিদ্যা শিখে ফেলেন। জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, ২০০৪ সালে একটি বাড়ির মেঝেতে টাইলস বসানোর কাজ করার সময় চুরির দায়ে ধরা পড়েন আকরাম। সে সময় প্রথমবার কারাগারে যান।

জেল থেকে ছাড়া পাওয়ার পর ২০১৪ সালে বিজনরে নিজের বাড়ি যান আকরাম। সেখানে তাঁর স্কুলপড়ুয়া দুই মেয়ে রয়েছে। সফদরজাং থানায় জিজ্ঞাসাবাদে আকরাম বলেন, পরিবারকে বাঁচিয়ে রাখতে দিল্লিতে ফিরতে হয় তাঁকে। চুরিই পেশা হয়ে দাঁড়ায়।

আকরামের ভাষ্য, চুরির সময় তিনি কখনো কাউকে শারীরিকভাবে আঘাত করেননি। বুধ ও বৃহস্পতিবার পুলিশ আকরামকে নিয়ে ১৬টি জায়গায় অভিযান চালায়। চুরি করা জিনিস উদ্ধারের জন্যই এই অভিযান চালানো হয়। একের পর এক চুরির জন্য এই বিড়াল চোরকে কড়া শাস্তি দেওয়ার কথা ভাবছে পুলিশ।