পয়লা আগস্ট থেকে ভারতে থাকা ছিটমহলবাসীর পাবে পরিচয়পত্র
বাংলাদেশ ও ভারতের ভেতর থাকা ১৬২টি ছিটমহল আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের শেষ সময় আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত। এই সময়ের পর ভারতের ভেতর থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের মালিক হবে ভারত। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের মালিকানা স্বত্ব পাবে বাংলাদেশ। এর পরের দিন অর্থাৎ পয়লা আগস্ট ভারতের ভেতরে থাকা ছিটমহল বাসিদের দেওয়া হবে সে দেশের নাগরিকত্বের প্রাথমিক পরিচয়পত্র।
অর্থাৎ বাংলাদেশি ছিটমহলের যেসব বাসিন্দা ভারতে থেকে যাবেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে ভারতীয় নাগরিকত্বের প্রাথমিক পরিচয়পত্র। আবার বাংলাদেশে থাকা ছিটমহল থেকে যেসব ভারতীয়রা পশ্চিমবঙ্গে যাবেন তাঁদের হাতেও তুলে দেওয়া হবে পরিচয়পত্র। কলকাতার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে এ কথা বলা হয়েছে।
ভারতের ভেতর থাকা মেখলিগঞ্জ, মাথাভাঙা, দিনহাটা এবং হলদিবাড়িতে বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয় ছিটমহলবাসীদের পুনর্বাসনের জন্য অস্থায়ীভাবে ক্যাম্প নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে গত ৬ই জুলাই থেকে দুই দেশের যৌথ উদ্যোগে ১৬২টি ছিটমহলে শুরু হওয়া জরিপ আগামী ১৬ই জুলাই শেষ হবে।
আজ সোমবার বিকেলে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলের ৯৩ শতাংশের জরিপ কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভারতের বাংলাদেশি ছিটমহল থেকে কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন না, তবে বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহল থেকে তিন দশমিক পাঁচ শতাংশ ভারতীয় ছিটমহলবাসী পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারেন।
বাংলাদেশের ১১১টি ভারতীয় ছিটমহলে আছে ৩৭ হাজার ৩৬৯ ভারতীয় ছিটমহলবাসী। আর ভারতের ৫১টি বাংলাদেশি ছিটমহলে আছে ১৪ হাজার ২২১ জন বাংলাদেশি ছিটমহলবাসী।