ফাঁস হলো নারদকাণ্ডের দ্বিতীয় ফুটেজ
অবশেষে ফাঁস হলো স্টিং অপারেশনের নারদকাণ্ডের দ্বিতীয় ফুটেজ। গতকাল সোমবার সোমবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিজেপি কার্যালয়ে এই ফুটেজ ফাঁস করেন বিজেপির নেতারা। তাঁরা বড় পর্দায় দেখান স্টিং অপারেশনের ওই ছবি। এই ফুটেজে এবার ধরা পড়েছে তৃণমূলের এক সাংসদ ও এক সাবেক ছাত্রনেতার কর্মকাণ্ড।
এই দুজন হলেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ও তৃণমূল ছাত্র পরিষদের সাবেক সভাপতি শঙ্কুদেব পন্ডা।
এর আগে গতকাল বিকেলে রাজধানী নয়াদিল্লিতে এই ভিডিও প্রথম ফাঁস করে নারদ নিউজ ডট কম। এরপর তা কলকাতায় ফাঁস করা হয় বিজেপির কার্যালয়ে। শঙ্কুদেবের ভিডিওটি এক মিনিট ২৪ সেকেন্ডের আর অপরূপার ভিডিওটি ৪২ সেকেন্ডের।
এই ভিডিও ফুটজে সাংসদ অপরূপা পোদ্দারকে টাকার বান্ডিল হাতে নিতে দেখা গেছে। যদিও তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার এই ফুটেজটি তদন্ত করুক। দোষী প্রমাণিত হলে এক সপ্তাহের মধ্যে আমি সাংসদপদ ছেড়ে দেব।’
শঙ্কুদেব পন্ডার ফুটেজে টাকা নেওয়ার ছবি না থাকলেও সুবিধা পাইয়ে দেওয়ার জন্য হিস্যার দাবি করতে দেখা গেছে। সারদা কেলেঙ্কারিতে জেরার জন্য সিবিআই তাঁকে ডেকে পাঠিয়েছিল। পরে অবশ্য দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
ভিডিও ফাঁসের ব্যাপারে নারদ নিউজ ডট কম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্যামুয়েল গতকাল সাংবাদিকদের বলেন, টাকা নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদি।
এদিকে নারদকাণ্ডের দ্বিতীয় পর্যায়ের ফুটেজ ফাঁস হওয়ার পর বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন, ‘যুবসমাজের কাছে রাজনীতি নিয়ে কী বার্তা যাচ্ছে?’ তিনি তদন্তের মুখোমুখি হয়ে ভিডিওটি ভুয়া প্রমাণ করতে, নইলে পদত্যাগ করতে মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
১৪ মার্চ নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রথম ঘুষ গ্রহণের তথ্য-সংবলিত ভিডিও ফাঁস করেছিল নারদ নিউজ ডট কম। ওই ভিডিওতে ছয় তৃণমূল সাংসদ মুকুল রায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়; পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম; এবং সারদাকাণ্ডে অভিযুক্ত বিধায়ক মদন মিত্র, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক ইকবাল আহমেদ ও সাবেক আইপিএস পুলিশ কর্মকর্তা সৈয়দ এম এইচ মির্জার ঘুষ গ্রহণের চিত্র ছিল। এ ঘটনা নিয়ে রাজ্যজুড়ে ঝড় ওঠে। সেই ঝড় সামাল দেওয়ার আগেই শুরু হয়েছে দ্বিতীয় ঝড়।