ফাইনাল খেলতে চায় বিজেপি-তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপি পশ্চিমবঙ্গ থেকে অস্তিত্বহীন হয়ে যাবে। অন্যদিকে, লক্ষ্যমাত্রা পরিবর্তন করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্য নেতৃত্ব বলে আসছেন, তাঁদের দল পশ্চিমবঙ্গের ২২টি আসন জেতার লক্ষ্য নিয়ে লড়বে। গতকাল বিজেপি রাজ্য নেতৃত্বের এক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, লক্ষ্য ২২ নয়, ২৫।

দিলীপ ঘোষ বলেন, এবার যদি এ রাজ্যে কংগ্রেস-তৃণমূল-বাম দল এক হয়ে লড়ে, তবু তাঁরা ভীত নন। রাজ্যের মানুষ তাঁদের সঙ্গে আছেন। এবার এ রাজ্য থেকে তৃণমূলকে হটানোর জন্য লড়বে তারা। বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন হবে সেমিফাইনাল আর ২০২১ সালের বিধানসভা নির্বাচন হবে বিজেপির ফাইনাল খেলা। ওই খেলায় বিজেপি তৃণমূলকে হটিয়ে এ রাজ্যে প্রতিষ্ঠা করবে জনগণের সরকার। গণতান্ত্রিক সরকার। বিজেপির সরকার। রাজ্যপাট থেকে হটিয়ে দেবে মমতার স্বৈরতান্ত্রিক সরকারকে।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে এবার জয় পাবে বিজেপি। সে লক্ষ্য পূরণের জন্য এবার পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রেই নিয়োগ করা হবে ৩০ জন করে কেন্দ্রীয় প্রতিনিধি। তাঁরা রাজ্যের নির্বাচন কার্যক্রম দেখভাল করবেন। পরামর্শ দেবেন। প্রচারে অংশ নেবেন। প্রচারের দিকনির্দেশনা দেবেন। বিজেপির লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গে এবার জিততেই হবে।

অন্যদিকে, বসে নেই তৃণমূল। তারাও হুংকার ছাড়ছে। বলছে, তৃণমূল একাই এবার জিতবে রাজ্যের ৪২ আসনেই। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার কলকাতার একটি টিভি চ্যানেলকে বলেছেন, লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে হবে গণরায়। ৩১ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার আর তা হচ্ছে না। বিজেপি বিদায় নেবে। গণরায় দেবে রাজ্যের মানুষ। বুঝিয়ে দেবে, এ রাজ্যে বিজেপিকে চায় না মানুষ। রাজ্য ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত এক রাজ্য। এখানে ধর্মান্ধতার স্থান নেই। ২০১৯ হবে বিজেপির পতনের বছর।

মমতার ভাষ্য, বাংলার মানুষ বিজেপিকে চায় না, তারা ছুড়ে ফেলে দিয়েছে বিজেপিকে। গোটা দেশে ২০০ আসনও জুটবে না বিজেপির। পশ্চিমবঙ্গে শূন্য। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মহারাষ্ট্র—সর্বত্রই ওদের অবস্থা খারাপ। তাই এবার একটিই বার্তা: ‘নো বিজেপি, ইয়েস আদার্স’।