ফারাক্কায় নাব্যতা কম, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের ফারাক্কার ফিডার ক্যানেলে পানির নাব্যতা কমে যাওয়ায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছয়টি ইউনিটই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রতিদিন ১৫ কোটি রুপি লোকসান গুনতে হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ছয়টি ইউনিটে ২ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। 
ফিডার ক্যানেলে কমপক্ষে ২০ মিটার পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ছয়টি ইউনিট থেকে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও ওডিশায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে এসব রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া ফিডার ক্যানেলের পানি পরিশুদ্ধ করতে না পারায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টাউনশিপে বসবাসরত ৪ হাজার ৭০০ কর্মীর আবাসনে পানি সরবরাহ ব্যাহত হয়ে পড়েছে। 
ফারাক্কা ব্যারাজের ব্যবস্থাপক সৌমিত্র হালদার সাংবাদিকদের বলেন, বৃষ্টিপাত কম হওয়ায় গঙ্গায় এমনিতেই পানির প্রবাহ কম। তবে ভারত-বাংলাদেশের পানিবণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশে ব্যারাজ থেকে নিয়মিত পানি ছাড়া হচ্ছে। 
আজ সোমবার কলকাতার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে পানিবণ্টন চুক্তি অনুযায়ী গঙ্গার পানি প্রবাহ ঠিক রেখে ২১ মার্চ পর্যন্ত পানি ছাড়বে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। বাংলাদেশের দিকে যার পরিমাণ ৩৫ হাজার কিউসেক ও ভারতের দিকে ১৫ হাজার কিউসেক। 
কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ফারাক্কার এই বিপর্যয়ের কথা লোকসভায় তোলা হবে। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। 
ইতিমধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে জানানো হয়েছে। তারা পানিসম্পদ মন্ত্রকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য গঙ্গায় ড্রেজিংয়েরও প্রস্তাব পাঠিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন ক্ষতি হচ্ছে ১৫ কোটি রুপি। 
এর আগে ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা শৈবাল ঘোষ জানিয়েছিলেন, ফিডার ক্যানেলের পানির নাব্যতা কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। এতে বয়লার ঠান্ডা করা কঠিন হয়ে পড়েছে।