ফি দিতে না পারায় ছাত্রকে পিটিয়ে হত্যা!
স্কুলের ফি দিতে না পারায় এবং বাড়ির কাজ না করায় সাত বছরের এক ছাত্রকে এক শিক্ষক পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে এ ঘটনা ঘটে বলে আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়।
খবরে জানানো হয়, অরাজ নামের নার্সারির ওই ছাত্রকে তার স্কুলে এক শিক্ষক বেদম পিটুনি দিলে সে মারা যায়। ছাত্রটির বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ, সে বাড়ির কাজ করে আনেনি এবং বিদ্যালয়ে তার ফি বকেয়া ছিল।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমপি সিং জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অরাজের মাথা দেয়ালের সঙ্গে ঠুকতে থাকেন শিক্ষক। একপর্যায়ে ওই শিশুর নাক দিয়ে রক্ত বের হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ তখন তাকে হাসপাতালে নিয়ে যায়। আর শিশুর বাবা-মাকে জানায়, তাঁদের সন্তান অসুস্থ হয়ে পড়েছে।
বাবা-মা হাসপাতালে পৌঁছে দেখেন অরাজ অচেতন অবস্থায় আছে। এর কিছুক্ষণ পর সে মারা যায়।
অরাজ তার বাবা-মায়ের সঙ্গে নানকারা গ্রামে থাকত। তার মৃত্যুর পর ওই গ্রামের বাসিন্দারা স্থানীয় থানার বাইরে দোষী শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। বিদ্যালয়ের ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।