ফিরতে ইচ্ছুক ছিটমহলবাসীর পুনর্বাসন শুরু করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের যেসব লোক ভারতে ফিরে যাচ্ছেন, তাঁদের পুনর্বাসনের কাজ শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা প্রশাসন। 

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, বাংলাদেশে মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল থেকে প্রায় সাড়ে তিন হাজার ছিটমহলবাসী ভারতে ফিরে আসছেন। তবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল থেকে কেউ বাংলাদেশে ফিরে যাবেন না।
পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয় ছিটমহলবাসীদের প্রাথমিক পর্যায়ে অস্থায়ী ক্যাম্পে রাখা হবে। এরপর জমি, বাড়ি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে কোচবিহারে স্থায়ীভাবে স্থান দেওয়া হবে। অস্থায়ী ক্যাম্পে পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবার বিষয়গুলো নিশ্চিত করা হবে।
গতকাল সোমবার অস্থায়ী ক্যাম্প নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণের কাজ করে কোচবিহার জেলা প্রশাসন। ক্যাম্পের জন্য জেলার দিনহাটা মহকুমার মশালডাঙ্গা ও শিবপ্রসাদ মুস্তাফি ছিটমহলের ১৬ বিঘা জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
দিনহাটার মহকুমা প্রশাসক কৃষ্ণাভ ঘোষ বলেন, আপাতত ছয় মাসের জন্য বাংলাদেশ থেকে ফিরে আসা ছিটমহলবাসীদের রাখা হবে। এরপর তাদের স্থায়ী বাসস্থানে পুনর্বাসিত করা হবে। ভারতে বসবাসকারী বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা এ অস্থায়ী ক্যাম্প নির্মাণের জন্য জমি দিয়েছে।
এদিকে দীপ্তিমান সেনগুপ্ত জানান, পুনর্বাসনের জন্য জমির অভাব হবে না। ইতিমধ্যেই ১০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। ফলে প্রশাসনের জমি পেতে সমস্যা হবে না। পুনর্বাসন সমস্যাও থাকবে না।