ফেঁসে যাচ্ছেন স্মৃতি ইরানি

ভুয়া হলফনামা দাখিল করার অভিযোগে এবার ফাঁসলেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ইরানি ভুল তথ্য দাখিল করায় তাঁর বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের করা হয়েছিল, আদালত তা বিচারযোগ্য বলে মনে করেছেন। দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকাশ জৈন গতকাল বুধবার জানান, ইরানির বিরুদ্ধে আনা অভিযোগ বিচারযোগ্য। আগামী ২৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
আদালত মামলাটি বিচারের জন্য গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ইরানির ইস্তফার দাবিতে রাজনৈতিক দলগুলি সরব হয়ে উঠেছে। আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া ডিগ্রি দাখিল করার জন্য দিল্লি সরকারের আইনমন্ত্রী জিতেন্দ্র সিং টোমার যেমন ইস্তফা দিয়েছেন, তেমনি ইরানিরও উচিত এখনই পদত্যাগ করা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ইরানির উচিত এখনই ইস্তফা দেওয়া। কারণ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুবাদে তিনি সবকিছু প্রভাবিত করতে পারেন।
ইরানির বিরুদ্ধে ১ জুন মামলাটি দায়ের করেন লেখক আহমের খান। তাঁর অভিযোগ, ইরানি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় একেক রকম তথ্য দিয়েছেন। যেমন—২০০৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামায় বলেছিলেন, ১৯৯৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষণের মাধ্যমে তিনি বি এ পাস করেন। এরপর ২০১১ সালে গুজরাট থেকে রাজ্যসভার ভোটে দাঁড়ানোর সময় তিনি জানান, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব করেসপনডেন্ট থেকে বি কম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছেন। ২০১৪ সালে আমেথি থেকে লোকসভা ভোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়ানোর সময় ইরানি ২০১১ সালের হলফনামাই দাখিল করেন। আবেদনকারীর অভিযোগ, ইরানির দাখিল করা হলফনামা কোনো একটি ঠিক হলে অন্যটি ভুল।
ললিত মোদির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে নিয়ে বিজেপি এমনিতেই বিব্রত। স্মৃতি ইরানির বিরুদ্ধে মামলা সেই বিব্রতবোধ আরও বাড়িয়ে দিল। ইরানিকে অবশ্য আদালত আজ হাজিরা দিতে বলেননি। বিজেপির নেতা সুব্রক্ষ্মনাম স্বামী তাই বলেছেন, এখনো কিছুই প্রমাণিত হয়নি।