ফেদেরিকে এখন হাজার গরুর মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৭৮ সালে জার্মানির বার্লিন থেকে পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন ফেদেরিকে ইরিনা বোনিং। ঘুরতে ঘুরতে উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় চলে যান। তখন কী জানতেন, শখের এই ঘোরাঘুরিতে বদলে যাবে তাঁর জীবন? রাতারাতি হয়ে যাবেন হাজার গরুর মা।

মথুরার রাধা কুন্দ এলাকায় ফেদেরিকে সুরভাই গোসেবা নিকেতন আশ্রম। সেখানে রয়েছে ১ হাজার ২০০ গরু ও বাছুর। গরুর বয়স হয়ে গেলে, দুধ দেওয়া বন্ধ করলে সবাই ফেলে রেখে চলে যায়। তাদেরই তুলে আশ্রমে নিয়ে যান ফেদেরিকে। সেবা করে সুস্থ করে তোলেন। তাঁর আশ্রমের বেশির ভাগ গরুই অসুস্থ ও আহত।

ফেদেরিকে জানান, প্রতি মাসে গরুর খাবার, ওষুধ, লালনপালনকারীদের বেতন মিলে তাঁর খরচ পড়ে ২২ লাখ রুপি।

ফেদেরিকে রাধা কুন্দ এলাকায় পরিচিত সুদেবী মাতাজি নামে। আশ্রমের গরুদের তিনি নিজের সন্তান মনে করেন। বললেন, ‘গরুরা আমার কাছে সন্তানের মতো। তাদের ছাড়া জীবন অচল।’

সুদেবী মাতাজির গোশালা ৩ হাজার ৩০০ বর্গফুট এলাকাজুড়ে। যখনই কোনো অসুস্থ গরু আসে ,তার খাবার ও ওষুধের বন্দোবস্ত করেন তিনি। তবে আশ্রমে এত গরুর জায়গা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু উপায় নেই। অসুস্থ বা আহত গরুকে আশ্রমের বাইরে কেউ রেখে গেলে প্রত্যাখ্যান করতে পারেন না সুদেবী মাতাজি। অন্ধ এবং বেশি আহত গরুগুলোর জন্য তিনি আলাদা যত্নের ব্যবস্থা করেন।

এত খরচ কীভাবে মেটান, তা জানতে চাইলে ফেদেরিকে বলেন, ‘বার্লিনে আমার কিছু সম্পত্তি আছে। সেগুলো থেকে পাওয়া উপার্জিত অর্থ দিয়ে তিনি আশ্রম চালান। প্রতিবছর বার্লিনে নিজের বাবাকে দেখতে যান। বাবার শরীর ভালো নেই।’ তিনি বলেন, স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না। তবে এভাবে ব্যক্তিগত উদ্যোগে আশ্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

ফেদেরিকে বলেন, ‘আমি এই আশ্রম বন্ধ করতে পারছি না। এখানে ৬০ জন কাজ করছে। সবাইকে সংসার চালানোর মতো বেতন দিতে হয়। আমার সন্তান গরুদেরও দেখভাল করতে হয়।’

ভিসা নিয়েও জটিলতায় রয়েছেন ফেদেরিকে। জানান, ভারত সরকার তাঁকে দীর্ঘমেয়াদি ভিসা দেয়নি। এ কারণে প্রতিবছর ভিসা নবায়ন করতে হয়।

ফেদেরিকে জানান, তিনি ভারতের নাগরিকত্ব নেননি। বার্লিন থেকে বাড়িভাড়ার টাকা আসাও কমে গেছে। ভারতে জার্মান দূতাবাসে আমার বাবা কাজ করেন। মা-বাবার উপার্জিত অর্থই তাঁকে গোশালায় দিতে হচ্ছে।