ফের আক্রমণাত্মক রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের জমি থেকে গরিব মানুষদের উচ্ছেদ এবং কেরালার মুখ্যমন্ত্রীকে অসম্মানের অভিযোগ এনে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী আজ সোমবার সরকারের সমালোচনায় আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় সংসদের উভয় কক্ষই উত্তাল হয়।

ভারতের পশ্চিম দিল্লিতে রেলের জমি থেকে শতাধিক ছিন্নমূল মানুষকে গত শনিবার রাতে উচ্ছেদ করা হয়। ওই সময় একটি শিশুর মৃত্যু হয়। আজ সংসদের অধিবেশন শুরুর আগে এই উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির (এএপি) সদস্যরা বিক্ষোভ করেন।

এএপিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘ওঁরা কেন ধরনা দিচ্ছেন? দিল্লির মসনদে তো ওঁরাই।’

এর জবাবে দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাহুলকে ‘বাচ্চা ছেলে’ অভিহিত করে বলেন, ‘ওঁর জানা উচিত, উচ্ছেদ হয়েছে রেলের জমি থেকে। আর রেল কেন্দ্রীয় সরকারের অধীনে।’

তবে রাহুল এই বিতর্ককে দীর্ঘায়িত না করে সোজা চলে যান পশ্চিম দিল্লির শকুর বস্তিতে, যেখানে শতাধিক দরিদ্র পরিবার দিল্লির এই তীব্র শীতে ঘরছাড়া হয়েছেন। বিপন্নদের সব রকমের সহায়তা করতে রাহুল দলীয় কর্মীদের নির্দেশ দেন।

রেলের ওই জমি দীর্ঘ দুই দশক ধরে বেদখল। এএপির অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করেই এই উচ্ছেদ। প্রশ্ন তোলা হয়—দিল্লিতে যখন জাঁকিয়ে শীত পড়েছে, তখন কেন এই উচ্ছেদ?

সংসদে রেলমন্ত্রী সুরেশ প্রভুর বিবৃতি বিতর্ক আরও উসকে দেয়। তিনি বলেন, ‘জবরদখলকারীরা জায়গাটা নোংরা করে রেখেছিলেন। শিশুটির মৃত্যুও হয়েছিল উচ্ছেদের আগে।’

রাহুল কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডিকে অসম্মানের প্রশ্নেও আক্রমণাত্মক হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুই দিনের সফরে কেরালা যান। সেখানে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকার কথা। রাহুল অভিযোগ করেন, সেই অনুষ্ঠানে কেরালার মুখ্যমন্ত্রী যাতে না যান সে জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়া হয়। ক্ষুব্ধ রাহুলের অভিযোগ, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিষেধ করে প্রধানমন্ত্রী কেরালার মানুষকে অপমান করেছেন। তবে সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার করা হয়।