ফের আক্রমণাত্মক রাহুল

রেলের জমি থেকে গরিব লোকজনকে উচ্ছেদ এবং কেরালার মুখ্যমন্ত্রীকে অসম্মানের অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ফের আক্রমণাত্মক হয়ে উঠলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল সোমবার এসব নিয়ে ভারতীয় সংসদের উভয় কক্ষও উত্তাল হয়ে ওঠে।
পশ্চিম দিল্লিতে রেলের জমি থেকে কয়েক শ ছিন্নমূল লোককে গত শনিবার রাতে উচ্ছেদ করা হয়। সে সময় এক শিশুর মৃত্যুও হয়। গতকাল সংসদের অধিবেশন শুরুর আগে এই উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির (এএপি) সদস্যরা বিক্ষোভ দেখান। এএপিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘ওঁরা কেন ধরনা দিচ্ছেন? দিল্লির মসনদে তো ওঁরাই।’ জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাহুলকে ‘বাচ্চা ছেলে’ অভিহিত করে বলেন, ‘ওঁর জানা উচিত, উচ্ছেদ হয়েছে রেলের জমি থেকে আর রেল কেন্দ্রীয় সরকারের অধীনে।’
রাহুল এই তর্ক-বিতর্ক দীর্ঘায়িত না করে সোজা চলে যান পশ্চিম দিল্লির শকুর বস্তিতে, যেখানে শতাধিক দরিদ্র পরিবার দিল্লির এই তীব্র শীতে ঘরছাড়া হয়েছে। বিপন্ন লোকজনকে সব রকমের সহায়তা করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন কংগ্রেস নেতা।
রাহুল আক্রমণাত্মক হন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডীকে অসম্মানের প্রশ্নেও। গতকাল দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালা যান। সেখানে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে মোদি উপস্থিত থাকবেন। অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠানে চণ্ডী যাতে না যান সে জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ রাহুলের অভিযোগ, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিষেধ করে প্রধানমন্ত্রী কেরালার মানুষকে অপমান করেছেন। সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।