ফের কেন্দ্র-কেজরিওয়াল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ২০১৫ সালের শেষ ও ২০১৬ সালের শুরু হচ্ছে কেন্দ্রের সঙ্গে নতুন ঝগড়ার মধ্য দিয়ে। রাজ্যে নিযুক্ত দুই আইএএস কর্মকর্তাকে বরখাস্ত করায় প্রায় ২০০ কর্মকর্তা আজ বৃহস্পতিবার গণছুটিতে চলে যান। ক্ষুব্ধ কেজরিওয়াল টুইট করেন, ‘এই অফিসারেরা ছুটিতে গেলে মানুষ বেঁচে যাবে। প্রশাসন অনেক বেশি সৎ, মসৃণ ও কার্যকর হবে।’

কেজরিওয়াল এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপ রাজ্যপাল নাজিব জংকে এক হাত নিয়েছেন। বলেছেন, ওঁরাই কর্মকর্তাদের মদদ দিচ্ছেন। উপ রাজ্যপাল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। মোদি ওঁদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন। কেজরিওয়ালের অভিযোগ, নতুন বছর থেকে দিল্লিতে গাড়ি চলাচলে যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তা বানচাল করতেই কর্মকর্তাদের খেপানো হয়েছে। কর্মকর্তাদের সংগঠন বিজেপির বি টিম হয়ে গেছে।

দিল্লির দুই আইএএস কর্মকর্তা সুভাস চন্দ্র ও যশপাল গর্গকে গতকাল বুধবার দিল্লি সরকার বরখাস্ত করে। অভিযোগ, দিল্লির সরকারি কৌঁসুলি ও জেলখানার কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের ফাইলে সই করতে তাঁরা অস্বীকার করেন। আজ কেন্দ্রীয় সরকার বরখাস্তের সেই সিদ্ধান্ত রদ করে দেয়। সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়, প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আইএএস বা আইপিএস কর্মকর্তাকে বরখাস্ত করা যাবে না। রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আজ প্রায় ২০০ কর্মকর্তা গণছুটি নেন। তবে ওই দুই কর্মকর্তা আজ অফিসে যান।

ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের পর থেকেই কেন্দ্রের সঙ্গে কেজরিওয়ালদের খিটমিট লেগেই রয়েছে। শেষ সংঘাতটি সরকারি সচিবালয়ে সিবিআইয়ের খানা-তল্লাশি চালানো নিয়ে। কেজরিওয়াল সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে। তদন্তের জন্য কমিশন গঠনও করেছেন। যদিও কমিশন গঠনের বৈধতা নিয়ে কেন্দ্র প্রশ্ন তুলেছে। এই চলমান সংঘাতেরই শেষ নিদর্শন আইএএস কর্মকর্তাদের গণছুটি নেওয়ার ঘটনা।

কর্মকর্তাদের এই সিদ্ধান্ত এবং তাতে কেন্দ্রীয় মদদের সঙ্গে কেজরিওয়াল জোড়-বিজোড় সাফল্যকে জুড়ে দিয়েছেন। কাল থেকে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় বেসরকারি যান নিয়ন্ত্রণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, কেজরিওয়ালের মতে, তা বানচাল করতেই কেন্দ্র কর্মকর্তাদের হাত করেছে। আজ এই নিয়মের যে ‘ট্রায়াল রান’ হয়, সেখানে ৪০ জনের মতো কর্মকর্তা গড় হাজির থাকেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য এই বিতর্কে সরাসরি জড়াতে চাননি। তিনি বরং বছরটা শেষ করলেন কংগ্রেসকে তার ইতিকর্তব্যের কথা স্মরণের মাধ্যমে। দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে আজ তিনি কংগ্রেসকে তুলাধোনা করে বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তারাই দিনের পর দিন সংসদ অচল রেখেছে। অথচ ওরা ৫০-৬০ বছর এই দেশ শাসন করেছে। সংসদে বলতে দেয় না বলেই এখানে বলছি, নতুন বছর ওরা তো উদ্‌যাপন করবে, তখন যেন তারা সংসদ অচল না করার শপথ নেয়।’