ফেলানি মামলার ন্যায্য নিষ্পত্তির আশ্বাস
ফেলানি খাতুন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচারের আশ্বাস দিল ভারত। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এই আশ্বাস নিয়ে ঢাকা ফিরছেন।
দুই দেশের সীমান্ত সমন্বয় বৈঠক শেষে আজ বোরবার আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফেলানির বাবা ও মামার সাক্ষ্য বিএসএফ নতুন করে নিতে চায়। সে জন্য তারা আমাদের অনুরোধ করেছে। আমরাও তাদের সহযোগিতার কথা জানিয়েছি। মামলার অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।’
ফেলানি মামলা কত দ্রুত মিটতে পারে এবং সেই বিষয়ে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, ‘মামলাটির পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। সে জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন। সেই প্রক্রিয়া জারি রয়েছে। বাংলাদেশকে আমরা দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দিয়েছি।’
দুই দেশের সীমান্ত সহযোগিতা নিয়ে জেনারেল আজিজ অবশ্য খুশি। প্রথম আলোকে তিনি বলেন, ‘দুই দেশের বাহিনীর সমন্বয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সার্বিক সহযোগিতাও দিন দিন বাড়ছে। বাড়ছে পারস্পরিক ভরসা ও আস্থা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাদের বলেছেন, তাঁরা এই সম্পর্ককে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে চান। আমরা এটুকু বলতে পারি, ভারতে সরকার পরিবর্তন হলেও সীমান্ত নীতিতে কোনো বদল ঘটেনি।’
সীমান্তে হত্যা একবারে বন্ধ হয়নি, কমিয়ে ফেলা হয়েছে
পাঁচ দিনের বৈঠক শেষে দুই বাহিনীর মহাপরিচালকের যৌথ সংবাদ সম্মেলনে দেবেন্দ্র পাঠক বলেন, সীমান্ত সমস্যার প্রতিটি বিষয় নিয়েই তাঁরা কথা বলেছেন। চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে উদ্যোগী হয়েছেন। দুই বাহিনীর বোঝাপড়াও অনেক ভালো হয়েছে। সীমান্ত হত্যা একবারে বন্ধ করা যায়নি ঠিকই কিন্তু অনেক কমিয়ে ফেলা হয়েছে। পাঠক বলেন, সীমান্তে আজকাল হুট বলতে গুলি চলে না। গুলি তখনই চলে যখন না চালিয়ে উপায় থাকে না। তিনি জানান, অনেক দিন ধরেই সীমান্তে প্রাণঘাতী বুলেট ব্যবহার করা হয় না। কিন্তু সীমান্তের সমাজবিরোধীরা কখনো কখনো গুলি চালাতে বাহিনীকে বাধ্য করে। এদের মোকাবিলায় দুই বাহিনীর সমন্বয় আরও জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশে ৭১টি ভারতবিরোধী জঙ্গি ঘাঁটি আছে
ভারতের উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে জাল নোটসহ বিভিন্ন চোরাচালান, অনুপ্রবেশ এবং ভারতের জঙ্গি গোষ্ঠীদের বাংলাদেশে অবস্থান। বাংলাদেশে এখন ৭১টি ভারতবিরোধী জঙ্গি ঘাঁটি রয়েছে বলে ভারতের দাবি। বাংলাদেশ অবশ্য দৃঢ়ভাবে বলেছে, কোনো জঙ্গি গোষ্ঠীকে তারা সে দেশের মাটি ব্যবহার করতে দেয় না, দেবেও না। বাংলাদেশের উদ্বেগের কারণগুলোর মধ্যে রয়েছে সীমান্ত হত্যা, মাদকের চোরাচালান, মানব পাচার। সম্মেলনে ঠিক হয়েছে, উদ্বেগের অবসানে দুই দেশই তথ্যের আদান-প্রদানের ওপর বিশেষ জোর দেবে। যৌথ টহলদারি বেশ কাজের হচ্ছে। তা আরও বাড়ানো হবে।
বাংলাদেশের আপত্তিতে ‘অনুপ্রবেশ প্রসঙ্গ’ আলোচনা হয়নি
পাঁচ দিনের বৈঠক শেষে দুই দেশ আলোচনার যে নির্যাস লিপিবদ্ধ করে তাতে সই করেছে, বাংলাদেশের আপত্তিতে তাতে ‘অনুপ্রবেশ প্রসঙ্গ’ রাখা হয়নি। জেনারেল আজিজ এই প্রসঙ্গে বলেন, ‘সীমান্তে বসবাসকারীরা মাঝেমধ্যেই এপাশ-ওপাশ করে থাকেন। কিন্তু বাংলাদেশি মানুষ পাকাপাকিভাবে ভারতে থাকার জন্য যাচ্ছেন, এ কথা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি সে রকম নয়।’ একইভাবে ভারতকে বলা হয়েছে, জাল নোটের কারবারিরা হয়তো কখনো কখনো বাংলাদেশকে ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশে জাল নোট ছাপিয়ে তা ভারতে পাচার করা হচ্ছে এটা ঠিক নয়। জেনারেল আজিজ বলেন, ‘আমরা অনেক খোঁজ করেও ওই রকম কোনো চক্রের খোঁজ পাইনি। ফেনসিডিলের চোরাচালান বাংলাদেশের একটা উদ্বেগের বিষয়। ভারতকে অনুরোধ করা হয়, সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে ফেনসিডিলের কারখানা যেন না থাকে। ভারত এই বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে।’
দুই মহাপরিচালকই স্বীকার করেছেন, গত কয়েক বছরে বিএসএফ ও বিজিবির মধ্যে আস্থা, ভরসা ও সহযোগিতা যথেষ্ট বেড়েছে এবং তাতে সীমান্ত সমস্যার সুরাহা ভালোভাবে করা সম্ভবপর হচ্ছে। এই সমঝোতা আরও বাড়াতে দুই বাহিনীর মধ্যে শ্যুটিং, বাস্কেটবল ও ভলিবল প্রতিযোগিতা, নানা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা, রিট্রিট, যুগ্ম ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে।