ফেসবুক কার্যালয়ে বক্তব্য দেবেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মাসের ২৭ তারিখে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শনে যাবেন। সেখানে একটি প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়ে বক্তব্যও দেবেন তিনি। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আজ রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
জাকারবার্গ ফেসবুকে লিখেছেন, ‘আমি আনন্দিত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাউনহলের একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে এ মাসের শেষদিকে ফেসবুক কার্যালয় পরিদর্শনে আসছেন। গত বছর ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। এবার তাঁকে অতিথি হিসেবে পেয়ে সম্মানিত বোধ করছি।’
জাকারবার্গ আরও লিখেছেন, মোদির সঙ্গে সাক্ষাতে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারস্পরিক সাহায্য করা যায় সে বিষয়েও আলোচনা করতে পারেন।
অবশ্য, শুধু ফেসবুকের প্রধান কার্যালয়ই নয়, সিলিকন ভ্যালিতে গিয়ে গুগলের প্রধান কার্যালয় গুগলপ্লেক্স ও টেসলার কারখানাও পরিদর্শন করবেন মোদি। সেপ্টেম্বরের ২৮ তারিখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ হবে নরেন্দ্র মোদির।