ফেসবুক-টুইটার আজ প্রতিবেশী: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দশকের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সিলিকন ভ্যালিতে গিয়ে নরেন্দ্র মোদি বললেন, ‘সামাজিক মাধ্যমের প্রভাব এমনই যে ফেসবুক, টুইটার আজ আমাদের প্রতিবেশী।’ মার্কিন মুলুকের স্যান হোসে বিশ্বের সেরা ও সর্ববৃহৎ প্রযুক্তি কেন্দ্রে এসে প্রযুক্তি দুনিয়ার দিকপালদের সঙ্গে দেখা করে মোদি বললেন, ডিজিটাল দুনিয়া থেকে তাঁর সরকার মুখ ফিরিয়ে নেই। কারণ, তিনি মনে করেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা-চাহিদা ও সুযোগের মাঝে যেটুকু ফাঁক রয়েছে, আধুনিক প্রযুক্তিই তা কমাতে পারে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা, গুগলের সুন্দর পিচাই, অ্যাডোবের শান্তনু নারায়ণ, কোয়লকমের এক্সিকিউটিভ চেয়ারম্যান পল জেকবস, সিস্কোর জন চেম্বারর্স প্রমুখ। প্রধানমন্ত্রী তাঁদের বলেন, ই-গভর্ন্যান্স যুগান্তকারী পরিবর্তন এনেছে। কিন্তু সরকারের লক্ষ্যে এখন মোবাইল গভর্ন্যান্স। সরকারকে তিনি সাধারণ মানুষের তালুবন্দী করে দিতে চান। ভারতের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাই তাঁর সরকারের লক্ষ্য। ৬ হাজার গ্রামকে ইতিমধ্যেই ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেশের ৫০০টি রেলওয়ে স্টেশনে ওয়াই-ফাই প্রযুক্তি চালু করা হবে। সে জন্য গুগলের সাহায্য নেওয়া হবে। তথ্য প্রযুক্তির কর্ণধারদের তিনি অনুরোধ করেছেন কম খরচে প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়াতে।
স্যান হোসেতে মোদি আলাদাভাবে বৈঠক করেন অ্যাপলের সিইও টিম কুক-এর সঙ্গে। তাঁকে অনুরোধ করেন ভারতে অ্যাপল-এর উৎপাদন শাখা খুলতে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, টিম কুক প্রধানমন্ত্রীর অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন। অ্যাপল-এর সর্ব বৃহৎ উৎপাদনকারী সংস্থা ফকসকন ভারতে তাদের একটা উৎপাদন শাখা খুলবে জানিয়েছে।
টিম কুককে মোদি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের মতো ব্যক্তিগত উদ্যোগও রয়েছে। এই উদ্যোগ সাধারণ মানুষকে স্বনির্ভর করে তোলে। মোদির কথার রেশ ধরে কুক বলেন, অ্যাপ ব্যবহারের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই বিশাল শিল্পের অংশীদার হয়ে উঠতে পারেন। অ্যাপল সিইও বৈঠকে বলেন, এইভাবে চীনে তাঁরা পনেরো লাখ কর্মসংস্থান করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে টিম কুক বলেন, অ্যাপল-এর প্রতিটি কর্মীর মনে ভারতের একটা আলাদা স্থান রয়েছে। কারণ, অ্যাপল-এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস তরুণ বয়সে ভারতে গিয়েছিলেন। ভারত থেকেই প্রেরণা পেয়ে তিনি পৃথিবীকে অ্যাপল উপহার দিয়েছিলেন। কুক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশীদার হতে তিনি একান্তই আগ্রহী। ডিজিটাল ইন্ডিয়া ভারতের অগ্রগতি ও উন্নয়নের অভিমুখ বদলে দেবে বলেও টিম কুকের বিশ্বাস।