ফৈজাবাদের নাম বদলে হলো অযোধ্যা

ভারতে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন বিভিন্ন জায়গার নাম বদলের খেলায় মেতে উঠেছেন। এই খেলার অংশ হিসেবে উত্তর প্রদেশের ঐতিহাসিক মোঘলসরাই স্টেশনের নাম বদল করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন রেখেছেন। এলাহাবাদের নাম বদলে রেখেছেন প্রয়াগরাজ। সবশেষ গতকাল মঙ্গলবার তিনি বদলে দিলেন ঐতিহাসিক ফৈজাবাদের নাম। এর নতুন নাম অযোধ্যা।
হিন্দু ধর্মাবতার শ্রী রামের জন্মভূমি অযোধ্যা। ফৈজাবাদ জেলায় অবস্থিত অযোধ্যা। এত দিন অযোধ্যা ও ফৈজাবাদ শহর যমজ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ফৈজাবাদের জনসংখ্যা এখন ২৫ লাখ। এর মধ্যে হিন্দু ৮৪ দশমিক ৭৫ শতাংশ। আর মুসলিম ১৪ দশমিক ৮০ শতাংশ। ফৈজাবাদের আয়তন ২ হাজার ৭৬৪ বর্গকিলোমিটার। সেই ফৈজাবাদ ইতিহাসের পাতা থেকে মুছে গেল। নতুন করে নাম হলো অযোধ্যা।

গতকাল মুখ্যমন্ত্রী আদিত্যনাথ দীপাবলি উৎসবের সূচনা করতে গিয়েছিলেন অযোধ্যায়। সেখানে তিনি তিন লাখ প্রদীপ জ্বালিয়ে দীপাবলির উৎসবের সূচনা করেন। পাশাপাশি অযোধ্যার উন্নয়নে ১৭৬ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
অযোধ্যায় দীপাবলির এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের স্ত্রী ফার্স্ট লেডি কিম জুং সুক। তিনি বলেন, ভারতের এই দীপাবলির প্রদীপ বিশ্বের সব অন্ধকারকে দূর করুক।
আদিত্যনাথ এদিন ঘোষণা দেন, অযোধ্যায় রামচন্দ্রের পিতা রাজা দশরথের নামে তৈরি হবে একটি সর্বাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। রামচন্দ্রের নামে অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর গড়া হবে। অযোধ্যায় বসানো হবে শ্রী রামচন্দ্রের বিরাট মূর্তি। রামচন্দ্রের মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার, যা হবে বিশ্বের তৃতীয় উচ্চতার ভাস্কর্য।
আদিত্যনাথ বলেন, ‘আমাদের মানতে হবে—এই দেশে নামমাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন আসল হিন্দু প্রাচীন নাম ফিরিয়ে আনা হচ্ছে। এটা জরুরি ছিল।’